চট্টগ্রামে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ১৩
চট্টগ্রামে পোশাক কারখানার দুই সুপারভাইজারকে চাকরিচ্যুত করার ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে পোশাকশ্রমিক ও পুলিশসহ অন্তত ১৩ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে নগরের বায়েজিদ থানাধীন টেক্সটাইল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
বায়েজিদ থানা-পুলিশ সূত্র জানিয়েছে, বায়েজিদ এলাকার চৌধুরী অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানার দুই শ্রমিককে গতকাল বুধবার অব্যাহতি দেয় কারখানা কর্তৃপক্ষ। বিষয়টি জানতে পেরে আজ সকাল নয়টা থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে কারখানার পোশাক শ্রমিকেরা। এতে রাস্তায় যান চলাচল ব্যাহত হলে বায়েজিদ থানা-পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে যায়। নগর পুলিশের উপকমিশনার পরিতোষ ঘোষ ও অতিরিক্ত উপকমিশনার কাজী মুত্তাকি ইবনু মিনানও এ সময় ঘটনাস্থলে যান। বাগ্বিতণ্ডার একপর্যায়ে শ্রমিকেরা ইটপাটকেল ছুড়তে শুরু করে। পুলিশ তখন শ্রমিকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে। এ সময় সংঘর্ষে আট পুলিশ সদস্য ও পাঁচ নারী পোশাকশ্রমিক আহত হয়। তাদের মধ্যে মো. আমিনুল ইসলাম নামের শিল্প পুলিশের এক সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছুড়তে বাধ্য হয় পুলিশ। সকাল ১০টার দিকে পরিস্থিতি কিছুটা শান্ত হলে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিকদের আলোচনার মাধ্যমে একটি সমঝোতা হয়।
এ বিষয়ে জানতে চাইলে চৌধুরী অ্যাপারেলসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাইফুল আজম প্রথম আলোকে বলেন, কারখানার দুই সুপারভাইজারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কাজে অবহেলাসহ বিভিন্ন ধরনের অভিযোগ ছিল। সে কারণে তাঁদের অব্যাহতি দেওয়া হয়েছিল। এটা নিয়ে শ্রমিকেরা কিছুটা উত্তেজিত হয়। কিন্তু পরে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সমাধান হয়েছে। তারা কাজে যোগ দিয়েছে।