চট্টগ্রামে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৩
চট্টগ্রামে প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার রাতে নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাদ্দাম শেখ, জমির আহমেদ ও আদম শিকদার ওরফে মাসুদ।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্জিনা আক্তার প্রথম আলোকে বলেন, তাহের মো. ভুট্টো নামের এক ক্ষুদ্র ব্যবসায়ী গত রোববার রাতে আগ্রাবাদ থেকে রিকশাযোগে পশ্চিম মাদারবাড়ি যান। এ সময় রিকশাচালক আদম শিকদারকে ৫০ টাকার একটি সৌদি রিয়াল ভাঙাতে দেন। বিনিময়ে তাঁকে ১ হাজার ৫০ টাকা দেন ওই ব্যবসায়ী। এ সময় দুজনের মধ্যে মুঠোফোন নম্বর বিনিময় হয়। পরদিন ওই ব্যবসায়ীকে ফোন করে আরও সৌদি রিয়াল ভাঙাতে বলেন রিকশাচালক আদম শিকদার। কথামতো আদম ৩২ হাজার টাকা দিয়ে রিয়াল বুঝে নেওয়ার সময় দেখেন একটি প্যাকেটে কাগজের টুকরো ও সাবান। এ সময় তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন তাহেরকে ধরে পুলিশে সোপর্দ করেন। পরে তাঁর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রতারক দলের বাকি দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।
ওসি মর্জিনা আক্তার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার তিনজন স্বীকার করেছেন সৌদি রিয়াল দেখিয়ে নিজেদের সহজভাবে উপস্থাপন করে প্রথমে বিশ্বাস অর্জন করেন তাঁরা। পরে মানুষের সঙ্গে প্রতারণা করে টাকা হাতিয়ে নেন। এ ঘটনায় তাহের মো. ভুট্টোসহ তিনজনকে আসামি করে সদরঘাট থানায় মামলা হয়েছে।