চট্টগ্রামে প্রতারণার অভিযোগে নারীসহ আটক ৮
চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার বালুছড়া এলাকায় অভিযান চালিয়ে প্রতারণার অভিযোগে দুই নারীসহ আটজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গত শুক্রবার রাতে এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিরা হলেন আছমা বেগম (৩০), রোকেয়া বেগম (২৮), মোহাম্মদ বাদশা (২০), মো. সোলেমান (৩২), মো. নুরউদ্দিন (২৪), মোহাম্মদ ইদ্রিস (৫১), মো. শহীদুল ইসলাম (২৮) ও মোহাম্মদ হাসান (২৪)। তাঁদের কাছ থেকে পুলিশ পাঁচটি নকল সোনার বার ও তাঁদের ব্যবহৃত দুটি সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করেছে।
গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম নগর ও পাশের এলাকায় নকল সোনার বারকে আসল বলে প্রতারণা করে আসছিলেন।
নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার পরিতোষ ঘোষ প্রথম আলোকে বলেন, হাটহাজারী সড়কে সিএনজিচালিত অটোরিকশায় একজন প্রতারক নারী ও একজন পুরুষ যাত্রী বেশে থাকতেন। তাঁরা পথে পথে নারী যাত্রীদের অটোরিকশায় তুলে অভিনব কায়দায় নকল সোনার বার গছিয়ে দিয়ে নারীদের কাছ থেকে কম ওজনের আসল সোনা হাতিয়ে নিতেন। এই চক্র দীর্ঘদিন ধরে এভাবে প্রতারণা করে আসছিল।
পরিতোষ ঘোষ আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুই নারীসহ আট প্রতারককে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা নিরীহ নারীদের সঙ্গে প্রতারণার কথা স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে বায়েজিদ থানায় মামলার প্রস্তুতি চলছে।