চট্টগ্রামে প্রতিদিনই ছিনতাই!
>৭০০ ছিনতাইকারীর তালিকা করেছে পুলিশ। আড়াই মাসে ছিনতাইকারীদের হাতে প্রাণ গেল দুজনের
সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলে করে চট্টগ্রাম নগরের বিভিন্ন সড়কে যাত্রীবেশে ঘুরে বেড়ায় তারা। সুযোগ পেলেই পথচারী কিংবা রিকশাযাত্রীর কাছ থেকে টান দিয়ে ছিনিয়ে নেয় ভ্যানিটি ব্যাগ কিংবা মুঠোফোন। বাদ পড়েননি বিদেশিরাও। ‘টানা পার্টি’ নামে পরিচিত ছিনতাইকারীদের কবলে পড়ে গত আড়াই মাসে প্রাণ হারিয়েছেন দুজন।
চট্টগ্রাম নগর পুলিশ সম্প্রতি ৭০০ ছিনতাইকারীর তালিকা করেছে। এর মধ্যে প্রায় ২০০ জন কারাগারে। এই ছিনতাইকারীদের প্রায় ৫০ জনকে গত আড়াই মাসে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি ৫০০ ছিনতাইকারী ৬০ লাখ নগরবাসীর জন্য আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। পুলিশি ঝামেলা এড়াতে ভুক্তভোগী মানুষের অধিকাংশই থানায় মামলা করেন না। আর যাঁরা মামলা করেন, তাঁদের মালামাল উদ্ধার হয় না।
পুলিশ সূত্র জানায়, গত ১ জুন থেকে ১৬ আগস্ট পর্যন্ত আড়াই মাসে নগরে কমপক্ষে ৮০টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ হিসাবে প্রতিদিনই নগরের কোথাও না কোথাও ছিনতাই হচ্ছে। ছিনতাইয়ের শিকার অনেকে পুলিশকে মৌখিকভাবে অভিযোগ করলেও মামলা করেন না। এই সময়ের মধ্যে নগরের ১৬ থানায় মামলা হয়েছে ৩২টি।
পুলিশ সূত্র জানায়, ‘টানা পার্টির’ সদস্যরা নগরের বায়েজীদ বোস্তামী থানার অক্সিজেন-কুয়াইশ সড়ক, কাপ্তাই রাস্তার মাথা, চান্দগাঁও, বাকলিয়া রাহাত্তারপুল, লাভলেইন, হালিশহর, আগ্রাবাদ, সিটি গেট, টাইগারপাস, সিআরবি মোড়, সার্সন রোড, জামালখান, আসকার দীঘি, সিনেমা প্যালেস, ডিসি হিল—এই ১৫টি এলাকায় ছিনতাইয়ের ঘটনা বেশি ঘটাচ্ছে। সন্ধ্যার পর, গভীর রাতে এবং ভোরে ওই এলাকাগুলোতে ছিনতাই হচ্ছে। এমনকি দিনের বেলায়ও নির্জন এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটছে।
পুলিশ সূত্র জানায়, রিকশারোহী কিংবা পথচারীদের লক্ষ্য করে প্রথমে পিছু নেয় টানা পার্টি। এরপর মোটরসাইকেল কিংবা অটোরিকশায় থাকা ছিনতাইকারীরা দ্রুত ছো মেরে ভ্যানিটি ব্যাগ ও মুঠোফোন নিয়ে আশপাশের অলিগলিতে ঢুকে অদৃশ্য হয়ে যায়। ছিনতাইয়ের সঙ্গে জড়িত বেশির ভাগ লোকই ধরাছোঁয়ার বাইরে থাকছে।
পুলিশ জানায়, পলাতক ছিনতাইকারীদের মধ্যে আটটি চক্র সক্রিয়। তাদের নিজ নামে বাহিনীও রয়েছে। এর মধ্যে ‘হামকা’ নুরুল আলম, ‘হাতকাটা’ জাহাঙ্গীর, ইলিয়াছ, শফি, আবদুস সাত্তার ওরফে ডিপজল, ‘ঢাকাইয়া’ আলমগীর, ‘হামকা মিলন’ ও সাইফুল ইসলামের নিজ নামে ছিনতাই বাহিনী রয়েছে। এদের প্রতে৵কের বিরুদ্ধে ১৪ থেকে ১৬টি করে মামলা রয়েছে। এদের সঙ্গে কয়েকজন অটোরিকশার চালকও জড়িত। বিভিন্ন ঘটনায় ছিনতাইকারীদের সহযোগী হিসেবে কাজ করা কয়েকজন অটোরিকশার চালককে শনাক্ত করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। চালকদের মধ্যে রয়েছেন ইমন, ইউনুস, শাহজাহান, মোস্তফা ওরফে আকাশ, জাফর, নজরুল, আলতাফ, ইউসুফসহ আরও কয়েকজন।
সর্বশেষ ১৩ আগস্ট অক্সিজেন-কুয়াইশ সড়ক থেকে টানা পার্টির তিন সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম। তাঁরা হলেন মো. ইউসুফ (অটোরিকশা চালক), মো. ফরিদ ও আবুল খায়ের।
পিবিআই চট্টগ্রামের পরিদর্শক সন্তোষ কুমার চাকমা প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার ইউসুফের বিরুদ্ধে সাতটি এবং আবুল খায়েরের বিরুদ্ধে ছয়টি ছিনতাইয়ের মামলা রয়েছে। তাঁরা নগরের খুলশী ও হালিশহরে চার থেকে পাঁচটি ছিনতাইয়ের কথা স্বীকার করেছেন। এর মধ্যে ১০ আগস্ট রাত সাড়ে ৯টায় হালিশহর এক্সেস রোডের এসি মসজিদের সামনে, ৩ আগস্ট রাত সাড়ে ১০টায় আগ্রাবাদ চৌমুহনী এলাকায়, একই দিন রাতে গোলপাহাড় এলাকায় এবং ৫ আগস্ট রাতে হালিশহর নয়াবাজারে ছিনতাইয়ের কথা স্বীকার করেন তাঁরা। সব কটি ঘটনায় অটোরিকশা নিয়ে তাঁরা রিকশারোহী নারীদের ব্যাগ ছিনিয়ে নেন। চারটি ভ্যানিটি ব্যাগ ছিনতাই করে ২ হাজার ২৮৪ টাকা ও চারটি মুঠোফোন পাওয়ার কথা পুলিশকে বলেছেন তাঁরা। মুঠোফোনগুলো রেয়াজউদ্দিন বাজারে চোরাই মাল ক্রেতাদের কাছে বিক্রি করে দেন।
৫ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে নগরের কোতোয়ালি থানার লাভ লেইন মোড়ের অদূরে রিকশারোহী এক দম্পতির কাছ থেকে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়ে যান অটোরিকশায় থাকা টানা পার্টির সদস্যরা। ব্যাগে একটি আইফোন, একটি ব্যাংকের ক্রেডিট কার্ড ও টাকা ছিল। এ ঘটনায় অনন্যা কায়সার নামের এক গৃহবধূ বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। ১২ দিন পেরিয়ে গেলেও পুলিশ জড়িত টানা পার্টির সদস্যদের গ্রেপ্তার কিংবা মালামাল উদ্ধার করতে পারেনি।
বিদেশিরাও বাদ যাননি টানা পার্টির সদস্যদের হাত থেকে। গত ১৭ জুলাই নগরের ডবলমুরিং থানার আগ্রাবাদ চৌমুহনী এলাকায় ছিনতাইয়ের শিকার হন এক চীনা দম্পতি। লি লি লিওয়ের নামের চীনা নাগরিক তাঁর স্ত্রীকে নিয়ে রিকশায় করে যাওয়ার সময় অটোরিকশায় থাকা টানা পার্টির সদস্যদের কবলে পড়েন। তাঁদের সঙ্গে থাকা ছোট ব্যাগে বাংলাদেশি দুই লাখ টাকা, এক হাজার ডলার ও মূল্যবান কাগজপত্র ছিল। এ ঘটনায় লি লি লিওয়ের বাদী হয়ে ডবলমুরিং থানায় মামলা করেন। এক মাস পরও ছিনতাইকারীদের গ্রেপ্তার করা যায়নি। এর আগে গত ২১ জুন রাত সাড়ে ৯টায় খুলশী এলাকায় ছিনতাইয়ের শিকার হন ডানা হুডসন নামের যুক্তরাষ্ট্রের এক নাগরিক। ছিনতাইয়ের ২৬ ঘণ্টা পর মালামালসহ এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করে পুলিশ।
টানা পার্টির হাতে প্রাণ হারাচ্ছে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিও। ৩ আগস্ট রাত আড়াইটার দিকে বাকলিয়া থানার রাহাত্তারপুল এলাকায় আবদুল জলিল (২৫) নামের এক রিকশাচালক নিহত হন। এই ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। আবদুল জলিলের বাবা জাফর আহমেদ বলেন, ছেলেকে হারিয়ে তিনি এখন দিশেহারা। এর আগে পটিয়া থেকে ঈদের কেনাকাটা করতে এসে শিরিন আক্তার নামের এক তরুণী গত ১৩ জুন ছিনতাইকারীদের খপ্পরে পড়ে গুরুতর আহত হন। সাত দিন পর হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
১৪ আগস্ট রিকশায় করে যাওয়ার সময় রহমতগঞ্জ এলাকায় তারিন আক্তার নামের এক নারীর ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয় টানা পার্টি। তবে এ ঘটনায় তিনি থানায় মামলা করেননি। তিনি প্রথম আলোকে বলেন, ‘ব্যাগ তো উদ্ধার হবে না, মামলা করে কী হবে?’
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) সালেহ মোহাম্মদ তানভীর প্রথম আলোকে বলেন, ৭০০ ছিনতাইকারীর তালিকা তৈরি করে তাদের গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে। পুলিশি টহলও জোরদার রয়েছে। ছিনতাইয়ের শিকার হওয়া মানুষজনকে থানায় মামলা করার পরামর্শ দিয়ে তিনি বলেন, এতে মালামাল উদ্ধার ও ছিনতাইকারীদের গ্রেপ্তার করা সহজ হয়।