চট্টগ্রামে প্রতিপক্ষের হামলায় যুবলীগ সমর্থক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের লালখান বাজার এলাকায় খুন হয় যুবলীগ সমর্থক শরিফ আহম্মদ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মা (মাঝে) ও স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। ছবিটি রাত আটটার সময় তোলা। ছবি: সৌরভ দাশ
মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের লালখান বাজার এলাকায় খুন হয় যুবলীগ সমর্থক শরিফ আহম্মদ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মা (মাঝে) ও স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। ছবিটি রাত আটটার সময় তোলা। ছবি: সৌরভ দাশ

সন্ত্রাসীদের এলোপাতাড়ি হামলায় শরীফ আহম্মদ (২৫) নামের এক যুবলীগ-সমর্থক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে নগরের ওয়াসা মোড়ে রিকশা থেকে তুলে নিয়ে প্রায় পৌনে এক কিলোমিটার দূরে লালখান বাজারের বাঘঘোনায় তাঁকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। চট্টগ্রাম মেডিকেলের অস্ত্রোপচার কক্ষে রাতে তাঁর মৃত্যু হয়।

নিহত শরীফ আহম্মদের বাবা মোহাম্মদ হেলাল চট্টগ্রাম মেডিকেলের অস্ত্রোপচার কক্ষে সামনে প্রথম আলোকে জানান, তাঁর ছেলে পাথরঘাটা ফিসারিঘাটে চাকরি করেন। আজ ভোর পাঁচটায় বাসা থেকে বের হয়ে কর্মস্থলে যান। বিকেল পাঁচটায় বাসার দিকে যাওয়ার সময় রিকশা থেকে নামিয়ে তাঁকে বাঘঘোনায় নিয়ে হত্যা করা হয়। তিনি বলেন, তাঁর ছেলে যুবলীগের সমর্থক ছিলেন। হামলাকারীরাও যুবলীগের সমর্থক।

প্রত্যক্ষদর্শী আবদুল মজিদ প্রথম আলোকে জানান, আউটার স্টেডিয়ামে পুলিশের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনার সুযোগ নেয় লালখান বাজারের দুর্বৃত্তরা। ডেকচি শরীফের নেতৃত্বে সাত-আট দুর্বৃত্ত বিকেল আনুমানিক পাঁচটায় ওয়াসা মোড় থেকে শরীফ আহম্মদকে তুলে লালখান বাজারে বাঘঘোনার এম আর সিদ্দিকী ফটক-সংলগ্ন সিলিকন প্রোপার্টিজের ভেতরে নিয়ে আসে। এরপর এলোপাতাড়ি কুপিয়ে তাঁকে গুরুতর আহত করে ওই দুর্বৃত্তরা।

মজিদ আরও বলেন, ‘আমি ডেকচি শরীফের কাছ থেকে শরীফকে রক্ষার চেষ্টা করি। এ সময় ওদের একজন আমার মুখে ঘুষি বসিয়ে দেয়। পরে রক্তাক্ত অবস্থায় শরীফকে একটি অটোরিকশায় তুলে দেয় দুর্বৃত্তরা। মেডিকেলের অপারেশন থিয়েটারে সে মারা যায়।’

খুলশি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন বলেন, ‘বছর দু-এক আগে লালখান বাজার এলাকায় খোকন নামের এক যুবক খুন হন। ওই হত্যাসহ দুটি মামলার আসামি ছিলেন শরীফ আহম্মদ। নিহত খোকনের লোকজন শরীফকে খুন করেছে বলে আমরা প্রাথমিক তদন্তে জানতে পেরেছি। আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।’

হাসপাতালের ২২ নম্বর ওয়ার্ডের সামনে শরীফের মৃত্যুর সংবাদে কাঁদছিলেন তাঁর মা, বাবা ও ছোট দুই বোন। তাঁরা এই হত্যার জন্য ডেকচি শরীফকে দায়ী করেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খোকন খুনের ঘটনায় প্রায় দুই বছর জেল খেটে মাস দু-এক আগে জামিনে বের হন শরীফ আহম্মদ। তাঁর মুক্তির সংবাদে লালখান বাজারে টান টান উত্তেজনা ছিল। প্রতিপক্ষের লোকজন তাঁর ওপর আরও কয়েকবার হামলার চেষ্টা করেছিল বলে শরীফের আত্মীয় ও ঘনিষ্ঠ ব্যক্তিরা জানিয়েছেন।

চট্টগ্রামের নগর কমিটির স্বেচ্ছাসেবক লীগের নেতা আবুল হাসনাত মো. বেলাল প্রথম আলোকে বলেন, নিহত এবং হামলাকারী উভয়ই যুবলীগের সমর্থক। দুই-আড়াই বছর আগে একটি হত্যাকাণ্ডের পর তারা দুটি পক্ষে ভাগ হয়ে যায়।