চট্টগ্রামে ফলমন্ডিতে সন্ত্রাসী হামলা, প্রতিবাদে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বিআরটিসি এলাকার ফলমন্ডিতে সন্ত্রাসীদের হামলা ও ভাঙচুরের প্রতিবাদে গতকাল শুক্রবার রাতে সড়ক অবরোধ করেছেন ব্যবসায়ীরা। রাত সাড়ে নয়টা থেকে প্রায় এক ঘণ্টা নিউমার্কেট-টাইগারপাস সড়কের বিআরটিসি এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তাঁরা। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
ফলমন্ডি ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম বলেন, গত রাত সাড়ে নয়টার দিকে একদল সন্ত্রাসী ফলমন্ডির কয়েকটি দোকান ভাঙচুর করেন। এ সময় ভয়ে ব্যবসায়ীরা দোকান ছেড়ে যান। পরে সবাই একজোট হয়ে সন্ত্রাসীদের প্রতিরোধ করেন। এ সময় তাঁরা সন্ত্রাসীদের বিচারের দাবিতে সড়কে অবস্থান নেন।
পুলিশের কোতোয়ালি অঞ্চলের সহকারী কমিশনার মো. মইন উদ্দিন বলেন, বিকেলে ফলমন্ডির কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে ওই এলাকার বস্তির কিছু ছেলের বাদানুবাদ হয়। রাতে তারা সেখানে গিয়ে দোকান ভাঙচুর ও কয়েকজন ব্যবসায়ীকে মারধর করে। প্রতিবাদে ব্যবসায়ীরা রাস্তায় নেমে বিক্ষোভ করেন এবং আধা ঘণ্টা সড়ক অবরোধ করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।