চট্টগ্রামে ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার সকালে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব।

গ্রেপ্তার আশরাফ হোসেন চট্টগ্রামের ফটিকছড়ির বিমা কর্মকর্তা নুর খালেক হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। ২০০৪ সালের ২ এপ্রিল ফটিকছড়ির কারবালা টিলা এলাকায় নুর খালেককে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত ব্যক্তির বাবা মো. দানেশ মিয়া বাদী হয়ে ফটিকছড়ি থানায় হত্যা মামলা করেন। ২০১৪ সালের ১৯ আগস্ট জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল আসামি আশরাফ হোসেনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেন। রায় ঘোষণার এক বছর আগে জামিনে গিয়ে পালিয়ে যান আশরাফ।

র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক মো. আমিরুল্লা বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ফাঁসির আসামি আশরাফ হোসেনকে গ্রেপ্তারের পর ফটিকছড়ি থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

আদালত সূত্র জানায়, শিক্ষকতার চাকরি থেকে অবসর নেওয়ার পর নুর খালেক গোল্ডেন লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের ফটিকছড়ি কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে যোগ দেন। তাঁর অধীনে চাকরি করতেন আশরাফ।