চট্টগ্রামে বখাটেদের হাতে শিক্ষক লাঞ্ছিত
চট্টগ্রামের ফিরিঙ্গিবাজার এলাকার জে এম সেন স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষককে স্থানীয় দুই তরুণ লাঞ্ছিত করেছে। শিক্ষকেরা হলেন শিক্ষাপ্রতিষ্ঠানের বিদ্যালয় শাখার সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ ইয়াছিন ও ক্রীড়াশিক্ষক দেবেশ চন্দ্র দাশ। এ ঘটনায় জড়িত তরুণদের বিচারের দাবিতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে।
ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে অ্যাসেমব্লি চলছিল। এ সময় স্থানীয় বাসিন্দা রেজাউল করিম ও কামরুল ইসলাম বিদ্যালয় ফটকের সামনে দাঁড়িয়ে উচ্চ স্বরে কথা বলছিল। শিক্ষকদেবেশ চন্দ্র দাশ অ্যাসেমব্লি চলার সময় বিদ্যালয়ের সামনে উচ্চ স্বরে কথা বলার কারণ জানতে চান। এতে দুই তরুণ তাঁকে গালিগালাজ করে এবং শার্টের কলার চেপে ধরে। দেবেশ চন্দ্র দাশকে রক্ষা করতে গেলে হামলার শিকার হন অপর শিক্ষক মোহাম্মদ ইয়াছিন।
জে এম সেন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জহুরুল ইসলাম বলেন, এটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। অ্যাসেমব্লি চলাকালে বখাটেরা শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার করেছে। পরে অভিভাবক বিদ্যালয়ে এসে শিক্ষকদের কাছে ক্ষমা চেয়েছেন। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জহিরুল আলম দোভাষের উপস্থিতিতে বিষয়টি মীমাংসা হয়েছে।