চট্টগ্রামে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দুর্বৃত্তদের আঘাত
চট্টগ্রামের কাপাসগোলা এলাকায় একটি ভবনের দেয়ালে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পেট্রলজাতীয় দাহ্য পদার্থ ছিটিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার ভোরে বৃষ্টির মধ্যে কয়েকজন দুর্বৃত্ত এই কাণ্ড ঘটায়। প্রতিকৃতির পাশাপাশি এর নিচের অংশে বেদিতে শ্রদ্ধা জানাতে অর্পণ করা ফুলের তোড়াতেও দাহ্য পদার্থ ছিটানো হয়। এতে একটি ফুলের তোড়ার কিছু অংশ পুড়ে যায়।
পুলিশ জানায়, ঘটনাস্থলের আশপাশের এলাকার সড়কের ভিডিও ফুটেজ সংগ্রহ করে দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা চলছে। পুলিশের একটি সূত্র জানায়, দুর্বৃত্তদের মধ্যে একজন প্রথমে বঙ্গবন্ধুর প্রতিকৃতির কাছে যায়। পরে আরও দুজন সেখানে গিয়ে কাচের ভেতরে দাহ্য পদার্থজাতীয় কোনো তরল (স্প্রে) ছুড়ে মারে। এরপর আরও কয়েকজন গিয়ে কাচ ভাঙার চেষ্টা করে।
দেড় বছর আগে কাপাসগোলার স্কাইটেক লিবার্টি ম্যানশন নামের একটি ভবনের দেয়ালে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতি (একই ফ্রেমে) স্থাপন করা হয়। স্বচ্ছ পুরো কাচে মোড়ানো প্রতিকৃতিটি প্রায় ৯ ফুট উঁচু এবং ৫ ফুট চওড়া। এটি স্থাপন করেন স্থানীয় যুবলীগের কর্মী নুর মোস্তফা। বিভিন্ন জাতীয় দিবসে এই প্রতিকৃতিতে ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা। গত মঙ্গলবার জাতীয় শোক দিবসের সকালে এই প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তাঁরা।
নগরের ১৬ নম্বর চকবাজার ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি নুর মোস্তফা গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, সকাল সোয়া সাতটায় বাসা থেকে বেরিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি বিকৃত অবস্থায় দেখতে পান তিনি। ভোরের দিকে দুর্বৃত্তরা এই কাণ্ড ঘটায় বলে তিনি ধারণা করছেন। তিনি বলেন, প্রতিকৃতির পাশে একটি ফলকে থাকা তাঁর নামও মুছে দেয় দুর্বৃত্তরা।
এদিকে বঙ্গবন্ধুর প্রতিকৃতি বিকৃত করার খবর জানাজানি হওয়ার পর গতকাল সকালে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা ঘটনাস্থলে জড়ো হন। তাঁরা সেখানে বিক্ষোভ মিছিল করেন। এ ঘটনায় জামায়াত-শিবিরকে দায়ী করে তাঁরা স্লোগান দেন।
এ বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ প্রথম আলোকে বলেন, দুর্বৃত্তদের ধরতে তথ্যপ্রযুক্তির সহযোগিতা নিচ্ছেন তাঁরা। ঘটনার সঙ্গে জড়িত সবাই শ্মশ্রুমণ্ডিত ছিল। দ্রুত সময়ের মধ্যে দুর্বৃত্তরা প্রতিকৃতি বিকৃত করে চলে যায়। তাদের শনাক্ত করার চেষ্টা চলছে।