চট্টগ্রামে বস্তাবন্দী লাশ উদ্ধার
চট্টগ্রামে জালাল উদ্দিন সুলতান (৫৫) নামের এক ব্যক্তির বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার সকাল আটটার দিকে নগরের আগ্রাবাদের সিডিএ আবাসিক এলাকার ব্যাপারীপাড়া থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
জালাল উদ্দিনের ছোট ভাই কামাল উদ্দিন সুলতান প্রথম আলোকে বলেন, গত শনিবার সকাল নয়টার দিকে আগ্রাবাদের ৯ নম্বর সড়কের বাড়ি থেকে বের হয়ে বাদামতলী মোড়ে নিজের ব্যক্তিগত কার্যালয়ে যান জালাল উদ্দিন। বেলা একটার দিকে ছোট ছেলে মো. ফরহাদ ফোন করলে ব্যস্ত আছেন বলে জালাল ফোন কেটে দেন। এরপর থেকে তাঁর মুঠোফোন বন্ধ। পরে বিষয়টি থানায় জানানো হয়। পুলিশ অনেক খোঁজাখুঁজি করে কোনো সন্ধান দিতে পারেনি। রোববার সকালে বস্তাবন্দী একটি লাশ রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ ও পরিবারের সদস্যরা গিয়ে লাশ শনাক্ত করেন।
কামাল উদ্দিন সুলতান আরও বলেন, তাঁর ভাইয়ের সঙ্গে কারও কোনো শত্রুতা আছে কি না, তা তাঁরা জানেন না। কেন, কী কারণে তাঁকে মেরে ফেলা হয়েছে, তাঁরা সেটা বুঝতে পারছেন না। তিনি জানান, তাঁর ভাই পারিবারিক দোকান ও বাড়ির ভাড়া আদায়ের বিষয়টি দেখাশোনা করতেন।
ডবলমুরিং থানার ওসি এ কে এম মহিউদ্দিন সেলিম জানান, ময়নাতদন্ত শেষে জালালের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁর নাক ও বুকে সামান্য আঘাতের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে জালালকে হত্যা করা হয়েছে।