চট্টগ্রামে বাড়ি থেকে মা-মেয়ের লাশ উদ্ধার
চট্টগ্রাম নগরের সদরঘাট থানার দক্ষিণ নালাপাড়া এলাকায় বাড়ি থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। আট বছরের মেয়ের লাশের গলা কাটা ছিল। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহত মায়ের নাম নাসিমা আক্তার (২৮)। মেয়ে রিয়া আক্তার (৮)। বাড়িটির চতুর্থ তলার ফ্ল্যাটে তাদের লাশ পাওয়া যায়।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার বনজ কুমার মজুমদারের ভাষ্য, মেয়ের গলা কাটা ছিল ও মায়ের ঘাড়ে অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। বাসার খাওয়ার ঘর থেকে মায়ের ও ওই ঘরের পাশের স্নানাগার থেকে মেয়ের লাশ উদ্ধার করা হয়।
নিহত নাসিমার স্বামী শাহ আলমের ভাষ্য, বাসার পাশেই তাঁর মাংসের দোকান। সকাল পৌনে আটটার দিকে তিনি দোকানে চলে যান। নয়টার দিকে স্ত্রীর সঙ্গে মুঠোফোনে কথা হয়। স্ত্রী জানান, তাদের দুই সন্তান হৃদয় ও রিয়াদ স্কুলে গেছে। তিনি বলেন, সকাল পৌনে ১০টার দিকে খন্ডকালীন গৃহকর্মী জামেলা আক্তার বাসায় যান। তিনি বাসার দরজা খোলা পান। পরে খাওয়ার ঘরে মা নাসিমা ও ওই ঘরের পাশের স্নানাগারে মেয়ে রিয়ার লাশ দেখতে পান। তিনি জামেলা নাসিমার ভাই আলালকে খবর দেন। তিনিও পাশেই থাকতেন। আলালের কাছে খবর পেয়ে শাহ আলম পুলিশে খবর দেন।
ঘটনাস্থলে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার বনজ কুমার মজুমদার ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা রয়েছেন।