চট্টগ্রামে বাসা থেকে কলেজশিক্ষকের পা বাঁধা লাশ উদ্ধার
চট্টগ্রামে নিজ বাসা থেকে পা বাঁধা অবস্থায় এক কলেজশিক্ষকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে নগরের আরাকান হাউজিং সোসাইটির ২ নম্বর সড়কের পাঁচতলা একটি ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ইকবাল হোসেন চৌধুরী (৫৫) নগরের পাহাড়তলী কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক।
পরিবার নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন ইকবাল হোসেন চৌধুরী। পুলিশ বলছে, এটি রহস্যজনক মৃত্যু। মৃতদেহে আঘাতের চিহ্ন রয়েছে। পরিবার বলছে, তাঁকে হত্যা করা হয়েছে।
ইকবাল হোসেনের বাড়ি বাঁশখালীর সাধনপুরে। তাঁর স্ত্রী রাজিয়া সুলতানা রাঙ্গুনিয়া কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক। তাঁদের একমাত্র মেয়ে আফিয়া ইকবাল চট্টগ্রামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্রী। তিনি প্রথম আলোকে বলেন, সকাল আটটার দিকে তাঁর মা কলেজে যাওয়ার জন্য বাসা থেকে বেরিয়ে যান। তাঁর বাবা ইকবাল সকাল সাড়ে নয়টায় কলেজে যাওয়ার জন্য বাসা থেকে বের হন। বাবার সঙ্গে তিনিও বাসা থেকে বের হয়ে খালার বাসায় যান। সেখান থেকে বেলা তিনটার দিকে বাসায় ফিরে দেখতে পান ভেতর থেকে দরজা বন্ধ। অনেক ডাকাডাকির পরও কেউ দরজা না খোলায় পঞ্চম তলায় কাজ করা মিস্ত্রিদের ডেকে এনে দরজা ভেঙে ভেতরে ঢোকেন তিনি।
আফিয়া বলেন, দরজা খোলার পর বাসার শৌচাগারে পানির ড্রামের মধ্যে তাঁর বাবাকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন তিনি। তাঁর পা বাঁধা ছিল। ততক্ষণে কলেজ থেকে তাঁর মা চলে আসেন। পরে পুলিশকে খবর দেন তাঁরা। আত্মহত্যা নয়, তাঁর বাবাকে খুন করা হয়েছে বলে দাবি করেন তিনি।
গতকাল রাতে ওই বাসায় গিয়ে দেখা যায়, প্রতি তলায় দুটি করে ফ্ল্যাট রয়েছে। তৃতীয় তলার যে ফ্ল্যাটে থাকতেন ইকবাল হোসেন চৌধুরী, এর পাশের ফ্ল্যাটে কোনো ভাড়াটে নেই। দ্বিতীয় তলায় থাকেন ভবনের মালিক। ভবনের মালিকের স্ত্রী ফারজানা ইসলাম বলেন, তাঁরা ওপরের তলায় কোনো শব্দ শুনতে পাননি। বিকেলে জানতে পারেন কলেজশিক্ষকের লাশ শৌচাগারে পাওয়া গেছে।
বাসার দারোয়ান বৃদ্ধ সাজদার শাহ বলেন, কলেজশিক্ষকের বাসায় কেউ এসেছিলেন কি না, তা তিনি জানেন না।
ঘটনাস্থলে নগর পুলিশের সহকারী কমিশনার (পাঁচলাইশ অঞ্চল) মো. জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তির পা বাঁধা অবস্থায় ছিল। বুকে, পিঠে, পায়ের তালু ও মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি রহস্যজনক মৃত্যু মনে হচ্ছে। এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে না। জিজ্ঞাসাবাদের জন্য কলেজশিক্ষকের স্ত্রী ও মেয়েকে থানায় আনা হয়েছে।
কলেজশিক্ষকের স্ত্রী রাজিয়া সুলতানা দাবি করেন, তাঁর স্বামীকে হত্যা করা হয়েছে। সম্পত্তি নিয়ে বিরোধের জেরে তাঁর স্বামীকে খুন করা হতে পারে। তবে তিনি কাউকে সন্দেহ করতে পারছেন না।
নিহত ইকবাল হোসেন চৌধুরীর বোন নুর নাহার বেগম বলেন, তাঁর ভাই আত্মহত্যা করতে পারেন না। সম্পত্তি নিয়ে ভাইদের মধ্যে বিরোধ আছে কি না, তা তিনি জানেন না।