চট্টগ্রামে বাসা থেকে ছাত্রলীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের কেন্দ্রীয় সহসম্পাদক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাংশের নিয়ন্ত্রক হিসেবে পরিচিত দিয়াজ ইরফান চৌধুরীর (২৬) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকার ভাড়া বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। পরিবারের দাবি, দিয়াজকে হত্যা করে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, চারতলা ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকে দিয়াজের পরিবার। গতকাল দিয়াজের মা বাসায় ছিলেন না। দিয়াজের কক্ষের জানালা দিয়ে তাঁর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
দিয়াজের মামা রাশেদ চৌধুরী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বাসায় কেউ ছিল না। এই সুযোগে তাঁর ভাগনেকে হত্যা করে সিলিং ফ্যানের সঙ্গে লাশ ঝুলিয়ে রেখেছে প্রতিপক্ষের লোকজন।
দিয়াজের বড় বোন জুবাইদা সরোয়ারও দাবি করেন, তাঁর ভাইকে হত্যা করে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, ঘটনার সময় পরিবারের কোনো সদস্য বাসায় ছিলেন না। তিনি বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ স্পষ্ট হবে।
দিয়াজ চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত। এদিকে দিয়াজের মৃত্যুর খবর শুনে তাঁর বাসার সামনে জড়ো হন ছাত্রলীগের নেতা-কর্মীরা।