প্রবাসীর স্ত্রীকে বাসার ভেতরে কুপিয়ে হত্যা

চট্টগ্রাম নগরের নালাপাড়ায় বাসায় ঢুকে মা-মেয়েকে খুনের ঘটনার সপ্তাহ যেতে না যেতেই পাঁচলাইশ থানার কাছে মির্জারপুল এলাকার একটি বহুতল ভবনে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। প্রবাসীর স্ত্রী শারমীন আক্তারকে (২৬) বাসার ভেতরে হত্যা করা হয়। জোড়া খুনের রহস্য উদ্ঘাটন হওয়ার আগেই আজ বৃহস্পতিবার বেলা একটার দিকে ইকুইটি ভিলেজ নামের ওই ভবনের চতুর্থ তলায় খুনের এ ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, পারিবারিক কলহ ও সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এ খুনের ঘটনা ঘটেছে। হত্যার ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ওই বাসা থেকে নিহত গৃহবধূর স্বামীর প্রথম পক্ষের স্ত্রী রোজি আক্তারকে (৩৬) আটক করেছে এবং জিজ্ঞাসাবাদের জন্য গৃহশিক্ষক মো. আলী, গাড়িচালক মো. আনিসসহ আটজনকে পাঁচলাইশ থানায় নিয়ে গেছে।
লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত গৃহবধূর স্বামী আবদুল হাকিম সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে থাকেন। দেশে-বিদেশে তাঁর আবাসন ব্যবসা রয়েছে। হাকিমের প্রথম পক্ষের স্ত্রী রোজি মির্জারপুলের ফ্ল্যাটে এবং নিহত দ্বিতীয় স্ত্রী শারমীন নগরের বহদ্দারহাট এলাকায় আরেকটি ফ্ল্যাটে থাকতেন। শারমীন সপ্তাহ খানেক আগে তাঁর স্বামীর প্রথম পক্ষের স্ত্রীর বাসায় বেড়াতে আসেন।
আজ বেলা আড়াইটার দিকে ইকুইটি ভিলেজের চতুর্থ তলার ই-৪ ফ্ল্যাটে গিয়ে দেখা গেছে, একটি শোয়ার ঘরের (বেড রুম) দরজা বন্ধ করে ভেতরে অবস্থান করছেন আবদুল হাকিমের প্রথম পক্ষের স্ত্রী রোজি আক্তার। পরে পুলিশ গিয়ে অনেক ডাকাডাকি করে ৩০ মিনিট পর তাঁকে ওই ঘর থেকে বের করে। এ সময় তিনি পুলিশকে খুনের ঘটনা সম্পর্কে বলেন, বাসায় ডাকাত এসেছিল। তিনি নিজের হাতে ছুরির আঘাতের দুটি দাগও দেখান। একপর্যায়ে তিনি কিছুই জানেন না বলে জানান। পরে পুলিশ তাঁকে থানায় নিয়ে যায়।
ফ্ল্যাটের আরেকটি শোয়ার ঘরের খাটের পাশে রক্তের ছোপ ছোপ দাগ দেখা গেছে। কক্ষটির পাশে খাবার ঘর ও রান্নাঘরের সামনে মেঝেতেও রক্তের দাগ দেখা গেছে। তবে বাসার কোনো জিনিসপত্র তছনছ দেখা যায়নি।
ঘটনাস্থল থেকে একটি ছুরিসহ ১২টি আলামত উদ্ধার করে সিআইডির ক্রাইম সিন ইউনিট। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) চট্টগ্রাম অঞ্চলের পরিদর্শক মিতশ্রী বড়ুয়া জানান, রক্তের দাগ দেখে মনে হচ্ছে ভিকটিম শোয়ার ঘর থেকে খাবার ঘর ও রান্নাঘরের সামনে এসে বাঁচার জন্য চেষ্টা করেছেন। খুনিদের সঙ্গে তাঁর ধস্তাধস্তিও হয়। খুনিদের অপেশাদার মনে হয়েছে।
ফ্ল্যাটের নিচতলায় আজ আনোয়ার হোসেন, মো. কামাল ও মনির আহমেদ নামের তিন নিরাপত্তাকর্মী দায়িত্বে ছিলেন। ওই বাসায় কারা এসেছিলেন, জানতে চাইলে তাঁরা কাউকে যেতে দেখেননি বলে দাবি করেন। তাঁদের ভাষ্য, কোনো বাসায় কেউ এলে নিচ থেকে ওই বাসায় ফোন করা হয়। আগত ব্যক্তি বাসার মালিকের পরিচিত হলে ওপরে উঠতে দেওয়া হয়।
খুনের ঘটনার সময় বাসায় ছিল নিহত শারমীন ও তাঁর ১০ মাস বয়সী ছেলে আহমেদুর রহমান এবং রোজি আক্তার ও তাঁর ছোট মেয়ে হালিমা আক্তার।
নিহত শারমীনের মা শামসুন নাহার দাবি করেন, তাঁর মেয়েকে বাসায় এনে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।
শারমীনের মামা মো. আজিম বলেন, ২০১৩ সালের নভেম্বর মাসে শারমীনের সঙ্গে প্রবাসী ব্যবসায়ী আবদুল হাকিমের বিয়ে হয়। প্রথম পক্ষের স্ত্রীর ঘরে কোনো ছেলে সন্তান না থাকায় তিনি দ্বিতীয় বিয়ে করেন।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বলেন, নিহত গৃহবধূর মাথায় ও পেটের ডান দিকে ছুরির আঘাতের দাগ রয়েছে। খুনের ঘটনার পর ঘরে দরজা বন্ধ করে ঘরে বসে ছিলেন নিহত গৃহবধূর স্বামীর প্রথম পক্ষের স্ত্রী। পরে তাঁকে পুলিশ আটক করে। বাসার কোনো মালামাল খোয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ ও সম্পত্তি নিয়ে বিরোধের জেরে প্রথম স্ত্রীর বাসায় দ্বিতীয় স্ত্রীকে ডেকে এনে খুন করা হয়েছে। আটক লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।