চট্টগ্রামে বাসায় ঢুকে শিশুকে গলা কেটে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বায়েজীদ বোস্তামী থানার বাংলাবাজারের দিদার কলোনিতে গতকাল মঙ্গলবার এক স্কুলছাত্রকে গলা কেটে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ এক নারীকে আটক করেছে।
নিহত আজিম হোসেন শেরশাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। তার বাবা আজাদ হোসেন তরকারি বিক্রি করেন। মা বিবি আমেনা পোশাকশ্রমিক। তাঁদের গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগে। তাঁরা দিদার কলোনির একটি ভবনের তৃতীয় তলায় ভাড়া থাকেন।
বায়েজীদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন প্রথম আলোকে বলেন, শিশুটির মা-বাবা সকালে বাসা থেকে কাজের উদ্দেশে বেরিয়ে যান। দুপুরে শিশুটির বাবা বাসায় ফিরে দেখেন তাঁর ছেলের গলা কাটা লাশ পড়ে আছে। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। বিকেলে পুলিশ প্রতিবেশী রনি আক্তারকে আটক করে।
ওসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রনি আক্তার বলেছেন, ১০ দিন আগে তিনি আজিমদের বাসা থেকে একটি মুঠোফোন চুরি করে ধরা পড়েন। পরে তিনি মুঠোফোনটি ফেরত দেন। ওই ঘটনায় তিন হাজার টাকা জরিমানাও দিয়েছেন রনি। ওই ঘটনার প্রতিশোধ নিতে শিশুটিকে একা পেয়ে গলা কেটে হত্যা করেন রনি।
পুলিশ বলছে, রনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেছেন নিজেকে সন্দেহমুক্ত রাখতে তিনি এলাকা ছেড়ে যাননি। রনির স্বামীও পোশাকশ্রমিক।
নিহত আজিমের বাবা আজাদ হোসেন অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন।
আজাদ হোসেন বলেন, নতুন বই নিয়ে তাঁর ছেলের স্কুলে যাওয়া আর হলো না। তিনি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।