চট্টগ্রামে বাসে আগুন, ককটেল বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের জিইসি মোড়ের গরীবউল্লাহ শাহ মাজার এলাকায় আজ বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে বাসে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

খুলশী থানার পরিদর্শক (তদন্ত) সুকান্ত চক্রবর্তী প্রথম আলোকে বলেন, কেএস পরিবহনের একটি বাসে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। ওই এলাকার একটি কনভেনশন সেন্টারে বিয়ের অনুষ্ঠানে যাত্রী নিয়ে আসে বাসটি। বাসের চালক ও যাত্রীরা সবাই কনভেনশন সেন্টারে প্রবেশ করার পর সড়কের পাশে রাখা বাসটিতে আগুন দেওয়া হয়।

এদিকে নগরের বহদ্দারহাট মোড়ে ককটেলের বিস্ফোরণে মোহাম্মদ সুমন (২২) নামের এক রিকশাচালক আহত হয়েছেন। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চান্দগাঁও থানার দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, আজ রাত আটটার দিকে দুর্বৃত্তরা বহদ্দারহাট মোড়ে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে সুমন আহত হন।