চট্টগ্রামে বাসের বাড়তি ভাড়ায় ক্ষোভ যাত্রীদের
সব মিলিয়ে শ খানেক যাত্রী দাঁড়ানো। আর টার্মিনালে বাস রয়েছে প্রায় ৯০টি। ফলে যাত্রীর জন্য পরিবহন শ্রমিকদের হাঁকডাক নেই। ব্যাগ নিয়ে টানাহেঁচড়া করার মতো ঘটনাও নেই। গতকাল শুক্রবার দুপুর আড়াইটায় চট্টগ্রাম নগরের কদমতলী বাস টার্মিনাল গিয়ে চোখে পড়ে এই দৃশ্য। বাসে আসন পাওয়া নিয়ে কোনো সমস্যা না থকলেও ভাড়া নিয়ে যাত্রীদের অভিযোগ রয়েছে।
চট্টগ্রামের এই বাস টার্মিনাল থেকে বৃহত্তর কুমিল্লা, নোয়াখালী ও দক্ষিণবঙ্গের ১৬টি রুটের গাড়ি ছেড়ে যায়। গতকাল দুপুরে কথা হয় চট্টগ্রাম-চাটখিল (নোয়াখালী) রুটের বাসযাত্রী রাশেদ হোসেনের সঙ্গে। তিনি নগরের লালখান বাজারের একটি ওষুধের দোকানে চাকরি করেন। যাবেন চাটখিল। ভাড়া কত নিয়েছে জিজ্ঞেস করতেই তাঁর কথায় ক্ষোভ ঝরে পড়ে। রাশেদ বলেন, ‘চট্টগ্রাম থেকে চাটখিলের ভাড়া ২৭০-২৮০ টাকা। অথচ টিকিট কেটেছি ৪০০ টাকায়।’
আরও কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলে জানা গেল, শুধু চট্টগ্রাম-চাটখিল রুটই নয়, সব যাত্রাপথের ভাড়া ৫০ থেকে ১০০ শতাংশ বেড়েছে। ঈদ উদ্যাপনে বাড়তি ভাড়া দিয়েই মানুষকে বাড়ি যেতে হচ্ছে।
বাড়তি ভাড়া নেওয়ার কথা স্বীকার করে কদমতলী বাস টার্মিনালের লাইন সম্পাদক মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, যাত্রীর চাপ কম। সারা দিনে এক ট্রিপ (পালা) যাত্রী পাওয়া যায়। গাড়িটি আবার যাত্রী ছাড়া ফিরে আসে। ফিরে আসার সময় জ্বালানির টাকা তোলার জন্য সামান্য কিছু টাকা বাড়িয়ে নেওয়া হচ্ছে।
একই কথা বলেন অলংকার এলাকার লাইন সম্পাদক আবুল বাশার। তিনি প্রথম আলোকে বলেন, ‘এক দিন আঙ্গোরে বেশি ভাড়া দিলে অসুবিধা কী?’
চট্টগ্রাম-সোনাপুর (নোয়াখালী) রুটের একটি বাসের সামনে পরিবহন শ্রমিকদের ওপর ক্ষোভ ঝারছিলেন মোহাম্মদ আবদুল্লাহ নামের এক যাত্রী। তিনি আগ্রাবাদের একটি সরকারি দপ্তরের কর্মচারী। ক্ষোভ প্রকাশ করার কারণ জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ‘কদমতলী থেকে সোনাপুরের ভাড়া ২০০ টাকা ছিল। এখন ৪০০ টাকার নিচে টিকিট নেই। আমি বাধ্য হয়ে টিকিট নিয়েছি।’
একইভাবে নোয়াখালীর সেনবাগের ভাড়াও ২০০ টাকার পরিবর্তে গতকাল ৩০০ টাকা করে নেওয়া হচ্ছিল।
টার্মিনাল ঘুরে দেখা গেছে, গাড়ি ছাড়ার কোনো নির্দিষ্ট সূচি নেই। আসন পূর্ণ হলে গাড়ি যাত্রা করছে। এ কারণে অনেক যাত্রীকে আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা পর্যন্ত বাসে বসে থাকতে হয়েছে।
রবিউল আলম নামের এক যাত্রী বলেন, ‘গাড়ি ছাড়ার কোনো টাইম নেই। আধা ঘণ্টা ধরে বসে আছি। গরম অবস্থায় কাহিল।’ তিনি যাবেন নোয়াখালীর সেনবাগে।
সূচি তৈরি করে গাড়ি ছাড়া হচ্ছে না কেন জানতে চাইলে চট্টগ্রাম-সেনাবাগ রুটের একটি গাড়ির চালকের সহকারী (হেলপার) সাহাব উদ্দিন বলেন, আসন অনুযায়ী টিকিট বিক্রি শেষ না হওয়া পর্যন্ত গাড়ি ছাড়া যাবে না।
অবশ্য কদমতলী বাস টার্মিনাল থেকে প্রায় ৫০০ গজ দূরে স্টেশন রোডের বিআরটিসি এলাকা থেকে ঢাকাগামী নন এসি ও উত্তরবঙ্গের দূরপাল্লার বাসগুলো নির্ধারিত সূচি অনুযায়ীই চলছে। বিকেল সাড়ে তিনটার দিকে সেখানে গিয়েও খুব বেশি যাত্রীর দেখা পাওয়া গেল না। চলতি মাসের ১১ তারিখ থেকে দূরপাল্লা বাসের অগ্রিম টিকিট বিক্রি শেষ হয়। ফলে ঝক্কি-ঝামেলা ছাড়াই উত্তরবঙ্গের যাত্রীরা ঈদে বাড়ি ফিরতে পারছেন।
নগরের দামপাড়া থেকে ছেড়ে যায় চট্টগ্রাম-ঢাকা ও চট্টগ্রাম-সিলেট রুটের এসি বাসগুলো। নির্দিষ্ট সূচি মেনেই এখান থেকে বাস ছাড়ছে বলে কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলে জানা গেল। দামপাড়া গ্রিন লাইন কাউন্টারের বিক্রয় কর্মকর্তা রবিউল হাসান প্রথম আলোকে বলেন, ঈদ উপলক্ষে তাঁরা চট্টগ্রাম-ঢাকা রুটে দিনে ১২ ট্রিপ (যাওয়া-আসা) চালাচ্ছেন। মহাসড়কের মেঘনা ও গোমতী সেতু এলাকায় যানজট হলেও সূচি মেনেই তাঁদের গাড়ি ছেড়ে যাচ্ছে।