ভাঙচুর ও বিস্ফোরক আইনে করা মামলায় চট্টগ্রাম নগর বিএনপি ও জামায়াতের ৪৩ কর্মী মুক্তি পেয়েছেন। গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তাঁরা জামিনে মুক্তি পান।
মুক্তি পাওয়া এই ৪৩ জনকে গত ৫ জানুয়ারি সন্ধ্যায় নগর বিএনপির কার্যালয় নাসিমন ভবনের সামনে ও আশপাশের এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের উপকারাধ্যক্ষ মো. মনির হোসেন প্রথম আলোকে জানান, কোতোয়ালি থানার বিস্ফোরক ও ভাঙচুর আইনের মামলায় আটক আসামিদের মধ্যে গত মঙ্গলবার ৬০ জনের জামিননামা উচ্চ আদালত ও নিম্ন আদালত থেকে কারাগারে আসে। এর মধ্যে ৪৩ আসামিকে মুক্তি দেওয়া হয়। বাকিদের বিরুদ্ধে অন্য মামলা থাকায় তাঁদের মুক্তি দেওয়া হয়নি।
এ মামলায় বিএনপির আইনজীবী ও সাবেক সরকারি কৌঁসুলি কামরুল ইসলাম ৫ জানুয়ারির মামলায় পুলিশ বিএনপি-জামায়াতের নেতা-কর্মীসহ ২৯৭ জনকে গ্রেপ্তার করে। এঁদের মধ্যে গতকাল ৪৩ জনসহ মোট ৯৩ জন জামিনে মুক্তি পেয়েছেন। বাকিরা কারাগারে রয়েছেন। তিনি অভিযোগ করেন, গতকাল জামিন পাওয়া মো. সজীব নামের ব্যক্তিটি বিএনপির কোনো পদে নেই। তিনি মাইকের দোকানে কাজ করেন। পুলিশ ওই দিন ঘটনাস্থলে যাঁকে পেয়েছেন, তাঁকেই ধরে নিয়ে গেছেন।
বিএনপির আইনজীবী জানান, এ মামলার আসামি নগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সহসভাপতি আবু সুফিয়ান ও শামসুল আলমসহ ৩৫ জন উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়েছেন। আর কারাগারে রয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি এনামুল হক।
চট্টগ্রাম বিএনপির নেতারা জানান, ৫ জানুয়ারি দলীয় কার্যালয়ের সামনে নগর বিএনপির সমাবেশ পুলিশি বাধায় পণ্ড হয়ে যায়। এ সময় সংঘর্ষে তিন পুলিশসহ ১৫ জন আহত হয়। এ ঘটনায় বিএনপি ও জামায়াতের ৩৮৮ জন নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় এক হাজার জনকে আসামি করে পুলিশ বাদী হয়ে কোতোয়ালি থানায় ভাঙচুর ও বিস্ফোরক আইনে মামলা হয়।