চট্টগ্রামে বিএনপি নেতা শাহাদাতের হাসপাতালে হামলা
চট্টগ্রামের প্রবর্তক মোড়ে নগর বিএনপির সাধারণ সম্পাদকের মালিকানাধীন হাসপাতালে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে ট্রিটমেন্ট সেন্টার নামের ওই হাসপাতালের বারান্দায় ককটেলের বিস্ফোরণ ঘটানো হয় এবং অ্যাম্বুলেন্সের কাচ ভাঙচুর করা হয়।
এ ঘটনার প্রতিবাদে রোববার চট্টগ্রাম নগর ও জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে মহানগর যুবদল।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, তিনটি মোটরসাইকেলে চড়ে ছয় দুর্বৃত্ত ট্রিটমেন্ট সেন্টারে আসে। হামলাকারীরা হাসপাতাল ভবনে প্রবেশ করে নিচতলায় শিশুরোগ বিশেষজ্ঞ বদরুদ্দৌজার চেম্বার ভাঙচুর করে। এর পাশেই নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনের চেম্বার। সেটি অক্ষত রয়েছে। নিচে অ্যাম্বুলেন্স ভাঙচুরের সময় এর চালক সামান্য আহত হন।
হাসপাতাল সূত্র জানায়, ৫০ শয্যার এই হাসপাতালে শাহাদাৎ হোসেনসহ বেশ কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসকদের চেম্বার রয়েছে। এটি শিশুদের জন্য বিশেষায়িত হাসপাতাল।
হাসপাতালে আকস্মিক এই হামলার জন্য শাহাদাৎ হোসেন ছাত্রলীগকে দায়ী করেছেন। তবে ছাত্রলীগ এ ঘটনার নিন্দা জানিয়ে দায় অস্বীকার করেছে।
শাহাদাৎ হোসেন বলেন, ‘ছাত্রলীগ ঘোষণা দিয়ে আমার হাসপাতালে হামলা চালিয়েছে। আগুন দিয়ে হাসপাতাল পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়। এমন বর্বর আচরণ মেনে নেওয়া যায় না। এ নিয়ে পাঁচলাইশ থানায় অভিযোগ করা হয়েছে।’
তবে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম হাসপাতালে হামলার ঘটনার নিন্দা জানিয়ে অভিযোগ করেন, খালেদা জিয়া চট্টগ্রামে নাশকতা করার দায়িত্ব শাহাদাৎ হোসেনকে দিয়েছেন। এ সংক্রান্ত অডিও টেপ প্রকাশ হওয়ার পর নিজ সংগঠনের ছেলেদের দিয়ে ট্রিটমেন্ট সেন্টারে হামলার নাটক সাজানো হয়েছে। এর দায় ছাত্রলীগের ঘাড়ে দেওয়ার অপচেষ্টা চলছে।
এ বিষয়ে পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ বলেন, হামলাকারীরা দ্রুত ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়। অনেক সময় রোগীর সঙ্গে চিকিৎসকের বিরোধের জের ধরে এসব কাণ্ড ঘটে। আমরা অভিযোগ পাইনি। তাই আসল ঘটনা সম্পর্কে নিশ্চিত করে বলা সম্ভব নয়।
যুবদলের হরতাল: চট্টগ্রাম মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাহেদ বলেন, ‘শাহাদাৎ ভাইয়ের মালিকাধীন হাসপাতালে ভাঙচুর ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবদল যৌথভাবে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি দিয়েছে। চট্টগ্রাম মহানগর ও জেলায় কেবল এই কর্মসূচি পালিত হবে।’