চট্টগ্রামে বিএনপির সভায় হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাউজান উপজেলা ও পৌর বিএনপির যৌথ সভায় সন্ত্রাসী হামলায় নয়জন আহত হয়েছে।
গতকাল শুক্রবার বিকেল পাঁচটার দিকে চট্টগ্রাম নগরের দলীয় কার্যালয়ের নাসিমন ভবনের তৃতীয় তলায় এ হামলা হয়। হামলাকারীরা বিএনপির আরেকটি অংশের সমর্থক বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
হামলায় আহত ব্যক্তিরা হলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এম এ হালিম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জসিম সিকদার, রাউজান উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ শফি, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রফিকুল আলম, এইচ এম নুরুল হুদা, মোহাম্মদ মোছলে উদ্দিন, আহ্বায়ক কমিটির সদস্য আবুল হোসাইন ও হাসান জসিম এবং উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নাসিরউদ্দিন।
চট্টগ্রাম মেডিকেলের জরুরি বিভাগ থেকে এম এ হালিম, জসিম সিকদার, মোহাম্মদ শফি, আবুল হোসাইন ও নাসিরউদ্দিন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে যান। অন্যরা ও আর নিজাম রোডের একটি ক্লিনিকে চিকিৎসাধীন আছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকেল সাড়ে চারটার দিকে নগরের নাসিমন ভবনের তৃতীয় তলায় যৌথ সভা শুরু হয়। পাঁচটার দিকে ১০-১২ জন যুবক হকিস্টিক ও ক্রিকেটের স্টাম্প এবং ইটের টুকরা নিয়ে সভায় হামলা চালান। মুহূর্তের মধ্যে যৌথ সভা পণ্ড হয়ে যায়। গত ২৬ আগস্ট রাউজান উপজেলা ও পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন পাওয়ার পর গতকাল প্রথম যৌথ সভা আহ্বান করা হয়।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, হামলাকারীদের মধ্যে রেজাউল, বাবুল, রাসেল, নুরু ও কাজইল্যাকে চেনা গিয়েছে। তাঁরা বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত। নাসিমন ভবনের উত্তর দিক থেকে তাঁরা দলবদ্ধভাবে এসে আচমকা এ হামলা চালান।
যৌথ সভায় উপস্থিত উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জসিম সিকদার প্রথম আলোকে বলেন, ‘সভার শেষ পর্যায়ে হামলা চালানো হয়। হামলাকারীরা চিহ্নিত সন্ত্রাসী। কোনো কিছু বুঝে ওঠার আগে ওরা হকিস্টিক ও স্টাম্প দিয়ে আমাদের পেটাচ্ছিল। তাদের হামলায় চারজন মেঝেতে পড়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে আমরা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।’
জসিম সিকদার আরও বলেন, ‘রাউজানের পুরোনো কমিটি ভেঙে গত ২৬ আগস্ট নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেন জেলা কমিটির আহ্বায়ক আসলাম চৌধুরী। গতকাল শুক্রবার ছিল আমাদের প্রথম সভা। ওই সভা পণ্ড করতে এই হামলা। হামলাকারীরা শহীদ জিয়া, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিও ভাঙচুর করে।’
প্রত্যক্ষ্যদর্শী নোয়াব আলী ভুঁইয়া জানান, ১৫ মিনিট ধরে সন্ত্রাসী হামলা চলে। হামলাকারীরা গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে স্লোগান দিয়ে চলে যায়।
রাউজান উপজেলা বিএনপি ও ছাত্রদলের কমিটি নিয়ে উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে বর্তমান আহ্বায়ক আসলাম চৌধুরীর দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ২৬ আগস্ট উত্তর জেলা বিএনপির কমিটি ভেঙে দেন। নতুন কমিটির আহ্বায়ক করা হয় আসলাম চৌধুরীকে। এরপর উত্তর জেলার সাতটি উপজেলা ও বিভিন্ন পৌর ও ইউনিয়ন বিএনপির কমিটিগুলোও ভেঙে দেওয়া হয়। আবার নতুন করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। রাউজানে নতুন কমিটি ঘোষণার দুই সপ্তাহের মধ্যে এই সন্ত্রাসী ঘটনা ঘটল।