চট্টগ্রামে বিএনপির সমাবেশ পণ্ড, পুলিশের সঙ্গে সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের নাসিমন ভবনের সামনে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সমাবেশে আসা নেতা-কর্মীদের একাংশ। ছবিটি বেলা সাড়ে তিনটায় তোলা। ছবি: সৌরভ দাশ
নগরের নাসিমন ভবনের সামনে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সমাবেশে আসা নেতা-কর্মীদের একাংশ। ছবিটি বেলা সাড়ে তিনটায় তোলা। ছবি: সৌরভ দাশ

পুলিশের ওপর হামলার জের ধরে চট্টগ্রাম নগরে নাসিমন ভবনের সামনে বিএনপির বিক্ষোভ সমাবেশে পণ্ড হয়ে গেছে। বিএনপির কর্মীরা যানবাহন ভাঙচুর করে, আগুন দিয়ে ও সড়ক বিভাজক ভেঙে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ওই এলাকায় তাণ্ডব চালিয়েছেন। তবে এখনো এ ঘটনায় হতাহত বা আটকের খবর পাওয়া যায়নি।
ঘটনাস্থলে থাকা এই প্রতিবেদক জানান, বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে নূর আহমদ সড়কে ছিল দলটির বিক্ষোভ কর্মসূচি। দুপুর সাড়ে ১২টা থেকে বিভিন্ন জায়গা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা এখানে জড়ো হন। ৩টা ৫০ মিনিটের দিকে চলছিল মাঝারি গোছের নেতা-কর্মীদের বক্তব্য।

সেখানে উপস্থিত ছিলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী, মীর মোহাম্মদ নাছিরউদ্দিনসহ অনেক জ্যেষ্ঠ নেতা। এ সময় ৪০০ গজ দূরে কাজীর দেউড়ি মোড়ে একটি কফিন নিয়ে মিছিল করেন শিবিরের কর্মীরা। কফিনটি কালো কাপড় দিয়ে মোড়ানো ছিল। কফিনের গায়ে লেখা ছিল ‘গণতন্ত্র’। আচমকা ওই মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয় ও ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এখানকার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে লাভ লেইন মোড় থেকে অন্য পুলিশ সদস্যরা ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছুড়তে শুরু করেন। এ সময় সমাবেশে থাকা হাজারও নেতা-কর্মী সভাস্থল ছেড়ে পালিয়ে যান। এ সময় তাঁরা একটি মিনি ট্রাকে ও বিজয় মেলা শেষ হয়ে যাওয়ার পর খালি পড়ে থাকা কয়েকটি স্টলে আগুন দেন, বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। সড়কে বাঁশ, গাছ, ইট ও সড়ক বিভাজক ভেঙে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।

কোতোয়ালি অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার শাহ মোহাম্মদ আবদুর রউফ প্রথম আলোকে বলেন, ‘কাজীর দেউরি মোড়ে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা বিনা উসকানিতে ককটেল নিক্ষেপ করে। সরকারি কাজে বাধা দেয়। তারা প্রতিশ্রুতি দিয়েছিল, শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করবে। প্রতিশ্রুতির ব্যত্যয় ঘটিয়ে যখন তারা পুলিশের ওপর হামলা চালিয়েছে, পুলিশ তা মোকাবিলা করেছে।’