চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার
চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ এক যুবককে আটক করা হয়েছে। গতকাল বুধবার রাত পৌনে ১০টায় পাহাড়তলী থানার ৩ নম্বর সিগন্যাল গেট এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, আটক যুবকের নাম মোজাম্মেল হোসেন। তাঁর কাছ থেকে আমেরিকার তৈরি একটি পিস্তল, ছয়টি গুলি ও চারটি ম্যাগাজিন পাওয়া গেছে।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিত কুমার বড়ুয়া প্রথম আলোকে বলেন, মোজাম্মেল হোসেন সিএনজিচালিত একটি অটোরিকশায় চড়ে টাইগারপাস থেকে পাহাড়তলীর ৩ নম্বর সিগন্যাল গেট এলাকায় আসেন। সেখানে আরেকটি অটোরিকশার জন্য তিনি অপেক্ষা করছিলেন। তার আচরণ সন্দেহজনক হওয়ায় পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করে। এ সময় তাঁর কোমরে দুটি গুলিসহ একটি ম্যাগাজিন এবং তাঁর সঙ্গে থাকা ব্যাগের ভেতরে একটি পিস্তল, চারটি গুলি ও বাকি তিনটি ম্যাগাজিন পাওয়া যায়।
পুলিশ জানায়, মোজাম্মেলের বাড়ি ফেনী সদর এলাকায়। তিনি চট্টগ্রাম বন্দরে চাকরি করেন।