চট্টগ্রামে বিপুল বিস্ফোরক দ্রব্য উদ্ধারের দাবি র্যাবের

চট্টগ্রাম নগরের হালিশহর থানার বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাড়ি থেকে আজ শনিবার ভোরে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম, বোমা, বিস্ফোরক দ্রব্য ও গুলি উদ্ধারের দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসব দিয়ে দুই হাজার শক্তিশালী বোমা তৈরি করা সম্ভব বলে র্যাব দাবি করেছে। ঘটনাস্থল থেকে জঙ্গি সন্দেহে নারীসহ তিনজনকে আটক করা হয়।
আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই বাড়ির সামনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ এই দাবি করেন।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ফয়জুল হক (৩০), রহিমা আক্তার (২১) ও আবদুল হাই (৩৬)। ফয়জুল ও রহিমার বাড়ি কক্সবাজারের পেকুয়ায়। অন্যজন আবদুল হাই (৩৬)। তাঁর বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জে।

বেনজীর আহমেদের তথ্যমতে, ওই বাড়ি থেকে ৩০ রকমের বোমা তৈরির সরঞ্জাম, ১৫০ কেজি বিস্ফোরক পদার্থ, ৭৬টি শক্তিশালী তাজা বোমা, শটগানের ২৪টি গুলি, ব্যাটারি, বাল্ব, বৈদ্যুতিক তার, বোমা বানানোর কাজে ব্যবহৃত মাস্ক, দস্তানা উদ্ধার করা হয়েছে। সেখান থেকে জঙ্গি প্রশিক্ষণে ব্যবহৃত বিভিন্ন বুট ও বেল্ট উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ দাবি করেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা বড় ধরনের নাশকতামূলক কাণ্ড ঘটানোর জন্য বিপুল পরিমাণ গোলাবারুদ ও বোমা তৈরির সরঞ্জাম ওই বাসায় মজুত করেছিল। তবে তারা কোন জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত সে ব্যাপারে র্যাব নিশ্চিত নয়।

র্যাবের মহাপরিচালকের ভাষ্য, ১৯ ফেব্রুয়ারি র্যাব হাটহাজারী থেকে জঙ্গি সন্দেহে ১২ জনকে গ্রেপ্তার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ২১ ফেব্রুয়ারি বাঁশখালীর লটমনি পাহাড় থেকে জঙ্গি প্রশিক্ষণের সরঞ্জাম, অস্ত্র, গোলাবারুদসহ পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। র্যাবের জঙ্গিবিরোধী চলমান অভিযানের ধারাবাহিকতায় আজকের অভিযান পরিচালিত হয় বলে তিনি দাবি করেন।