চট্টগ্রামে বিমান বন্দরে সোনার বারসহ আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাত ফেরত এক যাত্রীর কাছ থেকে গতকাল মঙ্গলবার ছয়টি সোনার বার উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।
শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, গতকাল সকাল ১০টা ৫০ মিনিটে হাসান উদ্দিন (৪৫) নামের এক ব্যক্তি ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে দুবাই থেকে চট্টগ্রাম বিমানবন্দরে এসে নামেন। কাস্টমস হলের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে আটক করা হয়। প্রথমে তিনি নিজের কাছে সোনার বার থাকার কথা অস্বীকার করেন। পরে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর দিয়ে হাসানের শরীরের ভেতরে সোনার বার থাকার বিষয়ে নিশ্চিত হন শুল্ক গোয়েন্দারা। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি নিজের কাছে সোনার বার থাকার কথা স্বীকার করেন।
হাসান উদ্দিনের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে।
এ বিষয়ে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক প্রণয় চাকমা প্রথম আলোকে বলেন, স্বীকার করার পর হাসান উদ্দিন নিজেই শৌচাগারে গিয়ে ছয়টি সোনার বার বের করে আনেন। পায়ুপথে বিশেষ কৌশলে সোনার বারগুলো লুকানো ছিল। উদ্ধার করা সোনার বারের ওজন ৭০০ গ্রাম। এর বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা।
প্রণয় চাকমা বলেন, হাসান উদ্দিনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।