চট্টগ্রামে বেকারিকে জরিমানা
ভেজাল জেলি, পোড়া তেল, পুরনো ঘি, ডালডা ও উৎপাদিত পাউরুটির মোড়কের গায়ে আগাম তারিখ বসানোর দায়ে চট্টগ্রামে প্রগতি বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার বিকেলে নগরের সদরঘাট যুগীচাঁদ মসজিদ লেইনে অবস্থিত বেকারিটিতে ভেজালবিরোধী এক অভিযান চালিয়ে এ অর্থদণ্ড দেওয়া হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীন জানান, প্রগতি বেকারির কারখানায় গিয়ে দেখা গেছে, জেলির নামে সেখানে এক ধরনের পদার্থ রাখা আছে। এই জেলি কবে উৎপাদিত হয়েছে, কী থেকে উৎপাদিত হয়েছে সে বিষয়ে কারখানার লোকজন কিছুই জানাতে পারেননি। বেকারিটিতে খাবার তৈরিতে পোড়া তেল, অনেক দিনের পুরোনো ঘি, ডালডা ও ময়লাযুক্ত চিনির রস ব্যবহার করা হচ্ছিল। কারখানার পরিবেশও ছিল অস্বাস্থ্যকর। এ ধরনের কয়েকটি অনিয়ম পাওয়ায় এর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি পোড়া তেল ও ভেজাল জেলি পাশের নালায় ফেলে দেওয়া হয়।