চট্টগ্রামে ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক থেকে প্রায় সোয়া কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকায় অভিযান চালিয়ে মো. সামসুল আলম তালুকদার নামের ওই ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। দুদক চট্টগ্রামের পরিচালক মো. আবু সাঈদ অভিযানে নেতৃত্ব দেন।
গ্রেপ্তার ব্যবসায়ীর বাড়ি চট্টগ্রামের বাকলিয়া এলাকার চর চাক্তাইয়ের আবু জহুর রোড এলাকায়।
দুদক সূত্র জানায়, ব্যবসায়ী সামসুল আলম ১৯৯৩ সালের ৩০ ডিসেম্বর থেকে ১৯৯৪ সালের ৩ মে তারিখের মধ্যে রূপালী ব্যাংকের বিবিরহাট করপোরেট শাখা (তৎকালীন চট্টগ্রাম সেনানিবাস শাখা) থেকে ঋণের দরখাস্ত, জামানত ও কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া ২ কোটি ২১ লাখ ৫৫ হাজার টাকা ঋণ নেন। এ কাজে তখন তাঁকে অবৈধভাবে সহযোগিতা করেছিলেন ব্যাংকটির ওই শাখার তৎকালীন ব্যবস্থাপক মো. দেলোয়ার হোসেন। সামসুল ব্যাংক থেকে নেওয়া টাকার মধ্যে ১ কোটি ৬ লাখ টাকা পরিশোধ করেন। বাকি ১ কোটি ১৫ লাখ ৭৯ হাজার ৬১৮ টাকা আত্মসাৎ করেন। এ ঘটনার ২২ বছর পর ঘটনাটি অনুসন্ধান করে সামসুল আলম ও মো. দেলোয়ার হোসেনকে আসামি করে বায়েজিদ থানায় মামলা করেন দুদকের চট্টগ্রামের সহকারী পরিচালক এম এইচ রহমতউল্লাহ।
মামলার বাদী ও তদন্ত কর্মকর্তা এম এইচ রহমতউল্লাহ বলেন, সামসুল আলমকে গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হয়। আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তিনি বলেন, মামলার অন্য আসামি দেলোয়ার হোসেন পলাতক। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিআরডিবির মাঠকর্মী গ্রেপ্তার : নোয়াখালী অফিস জানায়, অর্থ আত্মসাতের অভিযোগে নোয়াখালী সদর উপজেলার বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) সমন্বিত দারিদ্র্য বিমোচন কর্মসূচির মাঠকর্মী মিজানুর রহমান চৌধুরীকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল মঙ্গলবার সকালে দুদকের নোয়াখালী কার্যালয়ের উপসহকারী পরিচালক (ডিএডি) হোসাইন শরীফের নেতৃত্বে অভিযান চালিয়ে সদর উপজেলার নোয়াখালী মৌজার বাড়ি থেকে মিজানুরকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
দুদক কার্যালয় সূত্র জানায়, মাঠকর্মী মিজানুর রহমান চৌধুরী বিভিন্ন দলের ঋণের আসল বাবদ ১৩ লাখ ৭০ হাজার টাকা এবং সুদ বাবদ ৭ লাখ ৫০ হাজার টাকাসহ মোট ২১ লাখ ২০ হাজার টাকা গ্রাহকদের কাছ থেকে আদায় করেন। কিন্তু ওই টাকা পরে ব্যাংকে জমা না দিয়ে আত্মসাৎ করেন। এ ব্যাপারে গত ১৯ জুলাই উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা একটি মামলা করেন। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে মাঠকর্মী মিজানুরকে গ্রেপ্তার করা হয়।
বিআরডিবির উপপরিচালক মো. শহীদ উল্যাহ বলেন, মাঠকর্মী মিজানুর রহমান সংস্থার টাকা আত্মসাৎ করে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।