চট্টগ্রামে ব্যস্ত রাস্তায় গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুটপাতের ওপর ছোপ ছোপ রক্তের দাগ। দুটি স্যান্ডেলের ওপরও রক্ত লেগে আছে। পড়ে আছে একটি পিস্তলের গুলি। সেখান থেকে আলামত সংগ্রহ করছে পুলিশ। ছবি: সৌরভ দাস
ফুটপাতের ওপর ছোপ ছোপ রক্তের দাগ। দুটি স্যান্ডেলের ওপরও রক্ত লেগে আছে। পড়ে আছে একটি পিস্তলের গুলি। সেখান থেকে আলামত সংগ্রহ করছে পুলিশ। ছবি: সৌরভ দাস

আজ রোববার দুপুর ১২টা। চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা থেকে প্রায় ৫০০ গজ পশ্চিমে জেনারেল পোস্ট অফিসের (জিপিও) বিপরীত দিকে ব্যস্ততম আলকরণ মোড়। হঠাৎ গুলির শব্দে এদিক-ওদিক ছোটাছুটি করতে থাকে পথচারী ও ফুটপাতের হকাররা। কয়েক মিনিটের জন্য বন্ধ হয়ে যায় ওই সড়কের যান চলাচলও। কেউ কিছু বুঝে ওঠার আগেই পালিয়ে যায় খুনিরা। ফুটপাতের ওপর গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকে এক যুবকের লাশ। তাঁর নাম ইব্রাহীম হোসেন ওরফে মানিক (৩২)।

ইব্রাহীম নগর স্বেচ্ছাসেবক লীগের কর্মী হিসেবে পরিচিত। তিনি নগরের সদরঘাট এলাকার আবু হানিফের ছেলে। পূর্ববিরোধের জেরে তাঁকে গুলি করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে পালানোর সময় মো. রানা নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

নিহত ইব্রাহীমের বড় ভাই ইউসুফ রতন সাংবাদিকদের কাছে দাবি করেছেন, আটক রানা তাঁর ভাইকে গুলি করেছেন। এলাকায় মাদক, চাঁদাবাজির বিরোধিতা করায় ভাইকে খুন করা হয়েছে।

আজ দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ফুটপাতের ওপর ছোপ ছোপ রক্তের দাগ। দুটি স্যান্ডেলের ওপরও রক্ত লেগে আছে। পড়ে আছে একটি পিস্তলের গুলি। রশি দিয়ে ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ।

ঘটনাস্থলের পাশের দোকান কর্মচারী মো. সবুজ বলেন, দুপুর ১২টার দিকে একটি গুলির শব্দ শুনতে পেয়েছেন। দোকান থেকে বেরিয়ে দেখেন রাস্তায় থাকা লোকজন ছোটাছুটি করছে। রক্তাক্ত অবস্থায় পড়ে আছে এক যুবক। কারা এসে কীভাবে গুলি করেছে, তা তিনি জানেন না।

ফুটপাতে কলা বিক্রেতা বৃদ্ধ হাছন মিয়া জানান, গুলি হওয়ার পর তিন যুবককে দৌড়ে পালিয়ে যেতে দেখেছেন। তিনি তাদের চেনেন না। ঘটনাস্থলের আশপাশের চার থেকে পাঁচজন দোকানদারের সঙ্গে আলাপ করলে তাঁরা জানান, ব্যস্ত এলাকা। গাড়ি ও লোকজনের ভিড়। কখন কে বা কারা এসে গুলি করেছে জানেন না।

বেলা দেড়টার দিকে ঘটনাস্থলে আসে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) চট্টগ্রামের ক্রাইম সিন ইউনিটের একটি দল। সিআইডি চট্টগ্রামের পরিদর্শক এ এম ফারুক বলেন, ঘটনাস্থল থেকে ৭.৬৫ বোর পিস্তলের একটি গুলি উদ্ধার করা হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) এস এম মোস্তাইন হোসেন সাংবাদিকদের জানান, আটক রানাকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক তদন্তে জানা গেছে, নগরের সদরঘাট এলাকায় রানার মামার দোকান ভাড়া নিয়েছিল ইব্রাহীম। এরপর তিনি দোকানের দখল ছাড়ছিলেন না। এ নিয়ে দুই পক্ষের মধ্যে মামলা হয়। এ-সংক্রান্ত একটি মামলায় আজ রানার হাজিরা দেওয়ার কথা। সকাল সাড়ে ১০টার দিকে আদালতে হাজিরা দিতে আসার সময় নগরের শাহজাহান হোটেলের সামনে ইব্রাহীমের অনুসারীরা তাঁর ওপর হামলা চালায়। এ ঘটনার জেরে আলকরণ মোড়ে ইব্রাহীমকে দেখতে পেয়ে উভয় পক্ষ আবার মুখোমুখি হয়। কেউ কিছু বুঝে ওঠার আগেই ইব্রাহীমকে গুলি করে পালিয়ে যায়। রানার সঙ্গে ছিল তাঁর সহযোগী সুমন ও কালা এবং ইব্রাহীমের সঙ্গে আলামিন ও মো. রফিক। ঘটনাস্থল থেকে দৌড়ে পালানোর সময় রানাকে পুলিশ আটক করে। স্থানীয় লোকজন গুলিবিদ্ধ ইব্রাহীমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ইব্রাহীমের বাঁ পায়ের ঊরুতে গুলি লাগে। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন বলেন, আটক রানা এক মাস আগে কারাগার থেকে জামিনে বেরিয়ে আসেন। তাঁর বিরুদ্ধে সদরঘাট থানায় চাঁদাবাজিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। রানা ও ইব্রাহীমের মধ্যে দোকান দখল নিয়ে পূর্বশত্রুতার জেরে এই খুনের ঘটনা ঘটেছে। বিষয়টি আরও তদন্ত করা হচ্ছে। কার গুলিতে ইব্রাহীম মারা গেছেন, তা শনাক্ত ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে। থানায় এখনো মামলা হয়নি। নিহত ব্যক্তির লাশ হাসপাতালের মর্গে রয়েছে।