চট্টগ্রামে ব্যস্ত সড়কে সভামঞ্চ

চট্টগ্রাম নগরের মির্জারপুল এলাকায় ব্যস্ত সড়কের ওপর আলোচনা সভা করেছে অ্যালুমিনিয়াম ক্রোকারিজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন। গতকাল শনিবার রাতে জাতীয় শোক দিবস উপলক্ষে এ সভা হয়।
সভার কারণে মির্জার পুল এলাকায় হাটহাজারী সড়কের এক পাশ দিয়ে গতকাল বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের। তবে শেষ পর্যন্ত তিনি অনুষ্ঠানে আসেননি।
অ্যালুমিনিয়াম ক্রোকারিজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ প্রথম আলোকে বলেন, অন্য কোথাও অনুষ্ঠান আয়োজন করার সামর্থ্য না থাকায় সড়কের ওপর মঞ্চ করতে হয়েছে। তবে যান চলাচলে কোনো সমস্যা হয়নি।
গতকালের সভায় বক্তব্য দেন শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সফর আলী, ওয়ার্ড কাউন্সিলর মো. মোবারক আলী, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর জেসমিন পারভীন প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা বাবুল শর্মা।