চট্টগ্রামে ব্যাংকের তিন কর্মকর্তাসহ ৯ জনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুয়া এলসি (ঋণপত্র) খুলে ব্যাংক থেকে টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় ব্যাংকের তিন কর্মকর্তাসহ নয়জনকে পাঁচ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মীর রুহুল আমিন এই রায় দেন।
কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন অগ্রণী ব্যাংকের চট্টগ্রাম নগরের খাতুনগঞ্জ শাখার সাবেক ব্যবস্থাপক আনসারুল হক, ক্যাশ ইনচার্জ আবদুস শুক্কুর ও ক্যাশিয়ার মঈন উদ্দিন চৌধুরী, ব্যবসায়ী স্বপন কুমার ঘোষ, আবদুন নুর, জামাল উদ্দিন, কোরবান আলী, আজিজুর রহমান ও শহীদুর রহমান।
দুদকের আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ১৯৮৮ সালের ১৩ অক্টোবর অগ্রণী ব্যাংকের খাতুনগঞ্জ শাখায় ভুয়া এলসি খুলে টিন আমদানির জন্য ব্যাংক থেকে ৭৫ লাখ ৫৭ হাজার ৩১৮ টাকা ঋণ নেন কয়েকজন ব্যবসায়ী। এই ঘটনায় তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তা আবু মো. আরিফ সিদ্দিকী কোতোয়ালি থানায় মামলা করেন। তদন্ত শেষে নয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। সাতজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এই রায় দেন। দণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা পলাতক।