চট্টগ্রামে ভারতীয় নাগরিক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আত্মগোপনে থাকা ভারতীয় এক নাগরিককে গ্রেপ্তার করেছে বোয়ালখালী থানা-পুলিশ। গতকাল রোববার দুপুরে চট্টগ্রাম আদালত ভবন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ভারতীয় নাগরিকের নাম রণধীর দাশগুপ্ত (৫৪)। তিনি দীর্ঘদিন ধরে চট্টগ্রামে অবস্থান করছিলেন। পরিচয় গোপন ও নাম পরিবর্তন করে বাংলাদেশের নাগরিকত্ব পাওয়ারও চেষ্টা করছিলেন তিনি।

পুলিশ জানায়, ১৯৯৫ সালে পাঁচ দিনের ভ্রমণ ভিসা নিয়ে বাংলাদেশে আসেন রণধীর। ভিসার মেয়াদ শেষ হলেও ভারতে ফিরে যাননি। এরপর তিনি অবৈধভাবে বোয়ালখালী ও চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে অবস্থান করে আসছিলেন।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, রণধীরের পূর্বপুরুষেরা বোয়ালখালীতে ছিলেন। এখনো তাঁর দুই চাচার পরিবার বোয়ালখালীতে আছেন। কিন্তু তাঁর বাবা পরিবার নিয়ে ১৯৬২ সালে বোয়ালখালী থেকে ভারতে চলে যান। রণধীরের বিরুদ্ধে মামলা করা হয়েছে।