চট্টগ্রামে ভুয়া ডিবি পুলিশ গ্রেপ্তার
চট্টগ্রামে গোয়েন্দা (ডিবি) পুলিশ হিসেবে পরিচয় দিয়ে প্রতারণা করার সময় আনোয়ার হোসেন (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় নগরের কোতোয়ালি জেলা পরিষদ মার্কেটের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আনোয়ার শেরপুর জেলার নকলা থানার আবদুল আজিজের ছেলে।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মফিজ উদ্দিন প্রথম আলোকে বলেন, আনোয়ার নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে দিদারুল আলম নামের এক ব্যক্তির ব্যাগ তল্লাশি করছিলেন এবং তাঁকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়ার জন্য টানাহেঁচড়া করতে থাকেন। এ সময় দিদারের সঙ্গে থাকা আকতার নামের এক ব্যক্তি চিৎকার দিলে আশপাশের লোকজন জড়ো হয়ে পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে কোতোয়ালি থানার এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে টহল পুলিশের একটি দল গিয়ে আনোয়ারকে গ্রেপ্তার করে। মফিজ উদ্দিন বলেন, এই ঘটনায় দিদারুল আলম বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা করেছেন।