চট্টগ্রামে ভুয়া র্যাব সদস্য ও সাংবাদিক গ্রেপ্তার
চট্টগ্রামে গতকাল সোমবার দুই ভুয়া সাংবাদিক ও র্যাব সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মোরশেদ (৪২) ও মো. জুয়েল (৩৫)।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন প্রথম আলোকে বলেন, ভুয়া র্যাব সদস্য জুয়েলকে নগরের পাহাড়তলী আবাসিক এলাকা থেকে এবং ভুয়া সাংবাদিক মোরশেদকে নগরের হালিশহর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। মোরশেদ নিজেকে একটি পত্রিকার সাংবাদিক পরিচয় দিলেও কোনো পরিচয়পত্র দেখাতে পারেননি। ওসি বলেন, ওই দুই ব্যক্তি সাংবাদিক ও র্যাব পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। গত ১৭ সেপ্টেম্বর আবদুস সালাম নামের এক ব্যবসায়ীকে জায়গা কেনার কথা বলে নগরের হালিশহরে নিয়ে যান ওই দুই ব্যক্তি। সেখানে ওই ব্যবসায়ীকে আটকে রেখে তরুণীদের সঙ্গে অশ্লীল ছবি তোলা হয়। পরে সেসব ছবি পরিবারের কাছে এবং ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা আদায় করা হয়। পরে পুলিশ ওই ব্যবসায়ীকে উদ্ধার করে। এই ঘটনায় থানায় মামলা হওয়ার পর ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।