চট্টগ্রামে ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ, ভাঙচুর
ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ এনে চট্টগ্রাম নগরে একটি বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালিয়েছেন রোগীর স্বজনেরা। আজ শনিবার দুপুরে মেহেদীবাগের ন্যাশনাল হাসপাতালে এ ঘটনা ঘটে।
মৃত্যুবরণকারী রোগীর নাম রওশন জাহান (৩৯)। তিনি বাঁশখালীর আমীর আহমদের স্ত্রী। ন্যাশনাল হাসপাতালে গত ১৫ আগস্ট তাঁর অস্থিমজ্জার অস্ত্রোপচার হয়েছিল। অস্ত্রোপচার করেছিলেন অর্থোপেডিক বিশেষজ্ঞ এ টি এম রেজাউল করিম। তিনি হাসপাতালটির পরিচালক।
রোগীর স্বামী আমীর আহমদ অভিযোগ করেন, অস্ত্রোপচারের পর ক্ষতস্থান শুকাচ্ছিল না। বার বার ড্রেসিং করেও কোনো লাভ হচ্ছিল না। একপর্যায়ে ক্ষতস্থানটিতে পচন ধরে। সেখান থেকে পরে একটি সুতা বের করা হয়। অস্ত্রোপচারের সময় সুতাটি রয়ে যায় বলে তিনি অভিযোগ করেন।
অভিযোগ প্রসঙ্গে বক্তব্য জানতে এ টি এম রেজাউল করিমকে বার বার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।
মারা যাওয়া রওশনের স্বজনেরা জানান, অস্ত্রোপচারের পর ১৮ আগস্ট চিকিৎসকের পরামর্শে রওশনকে বাসায় নিয়ে যাওয়া হয়। পরে ক্ষত স্থানে ইনফেকশন হলে আবার ভর্তি করা হয়। পরে আরও একবার রওশন জাহানের অস্ত্রোপচার হয়। এভাবে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল আটটার দিকে তিনি মারা যান।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিক আহমেদ চৌধুরী জানান, ন্যাশনাল হাসপাতালে অস্ত্রোপচারের পর এক রোগী মারা গেছেন। ভুল চিকিৎসায় রোগী মারা গেছেন দাবি করে রোগীর স্বজনেরা হাসপাতালে ভাঙচুর করেছেন। বর্তমানে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।