চট্টগ্রামে ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগে হাসপাতাল ভাঙচুর
ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ এনে চট্টগ্রাম নগরে একটি বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালিয়েছে রোগীর স্বজনেরা। গতকাল শনিবার দুপুরে মেহেদীবাগের ন্যাশনাল হাসপাতালে এ ঘটনা ঘটে।
রোগীর নাম রওশন জাহান (৩৯)। তিনি বাঁশখালীর আমীর আহমদের স্ত্রী। ন্যাশনাল হাসপাতালে গত ১৫ আগস্ট তাঁর অস্থিমজ্জার (বোন মেরু) অস্ত্রোপচার হয়েছিল। অস্ত্রোপচার করেছিলেন অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. এ টি এম রেজাউল করিম। তিনি ন্যাশনাল হাসপাতালের পরিচালক।
রোগীর স্বামী আমীর আহমদ অভিযোগ করেন, অস্ত্রোপচারের পর ক্ষতস্থান শুকাচ্ছিল না। বারবার ড্রেসিং করেও কোনো লাভ হচ্ছিল না। একপর্যায়ে ক্ষতস্থানটি পচে যায়। সেখান থেকে পরে একটি সুতা বের করা হয়। অস্ত্রোপচারের সময় সুতাটি রয়ে যায় বলে তিনি অভিযোগ করেন।
জানা গেছে, অস্ত্রোপচারের পর ১৮ আগস্ট ডাক্তারের পরামর্শে বাসায় চলে যান রোগী। পরে ইনফেকশন হলে আবার ভর্তি করা হয়। পরে আরও একবার রওশন জাহানের অস্ত্রোপচার করা হয়। এভাবে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকাল আটটার দিকে তিনি মারা যান। ওই ঘটনার পর বেলা ১১টার দিকে রোগীর স্বজনেরা হাসপাতালের দরজার কাচ ভাঙচুর করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চকবাজার থানার ওসি আতিক আহমেদ চৌধুরী বলেন, ন্যাশনাল হাসপাতালে অপারেশনের পর এক রোগী মারা গেছেন। এর পর ক্লিনিকে ভাঙচুর হয়েছে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। স্বজনদের অভিযোগ, ভুল চিকিৎসায় তিনি মারা গেছেন।
অভিযোগ প্রসঙ্গে এ টি এম রেজাউল করিম বলেন, ‘অস্ত্রোপচার আমি একা করিনি। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ চিকিৎসক আবদুল আউয়ালও ছিলেন। আমি তাঁর সহযোগী ছিলাম।’