চট্টগ্রামে ভেজাল খাদ্যের কারখানায় অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উদ্ধার হওয়া সামগ্রী
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের একটি কারখানায় অভিযান চালিয়ে ভেজাল হলুদ-মরিচ-মসলার গুঁড়া ও ধানের কুঁড়াসহ ছয় ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

নগরের কোতোয়ালি থানার খাতুনগঞ্জ এলাকার কারখানাটিতে গতকাল বৃহস্পতিবার অভিযান চালায় র‍্যাব। আজ শুক্রবার সকালে এ-সংক্রান্ত তথ্য জানায় সংস্থাটি।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোহাম্মদ ইসহাক, মুহাম্মদ সাগর, রাহাত উদ্দিন, নসু মাঝি, মোহাম্মদ শহীদ ও মুহাম্মদ খাইরুল।

র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) নুরুল আবসার প্রথম আলোকে বলেন, তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে খাতুনগঞ্জ বাজারের চৌধুরী বিল্ডিংয়ের নিচতলায় হলুদ-মরিচ-ধনিয়া ভাঙানোর একটি কারখানায় (মিল) ভেজাল খাদ্যসামগ্রী তৈরি করা হচ্ছে। পরে সেখানে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা ভেজাল খাদ্যসামগ্রী তৈরির কথা স্বীকার করেন।

র‍্যাব-৭ বলছে, কারখানাটি থেকে ভেজাল হলুদ-মরিচ-ধনিয়ার গুঁড়া তৈরির উপকরণ হিসেবে লাল রঙের কেমিক্যাল ৮৫০ গ্রাম, হলুদ রঙের কেমিক্যাল ৩৫০ গ্রাম, খয়েরি রঙের কেমিক্যাল ২০ গ্রাম ও ৮০০ গ্রাম কয়লা উদ্ধার করা হয়।

কারখানাটি খাতুনগঞ্জ এলাকায় অবস্থিত
ছবি: সংগৃহীত

কারখানাটি থেকে ৭টি প্লাস্টিকের বস্তায় থাকা ৩৩৩ কেজি ভেজাল হলুদের গুঁড়া, ৪টি প্লাস্টিকের বস্তায় থাকা ১৫৭ কেজি ভেজাল মরিচের গুঁড়া, ২টি প্লাস্টিকের বস্তায় থাকা ৮০ কেজি ভেজাল ধনিয়ার গুঁড়া উদ্ধার করার কথা জানায় র‍্যাব। তারা বলছে, এগুলো বিক্রির জন্য কারখানায় সংরক্ষণ করে রাখা হয়েছিল।

র‍্যাব-৭ বলছে, কারখানাটি থেকে ১২টি বস্তায় থাকা মোট ৫৬৫ কেজি ধানের কুঁড়া উদ্ধার করা হয়। এই কুঁড়া ভেজাল হলুদ-মরিচ-ধনিয়ার গুঁড়া তৈরির কাজে ব্যবহারের জন্য মজুত রাখা হয়েছিল।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা
ছবি: সংগৃহীত

র‍্যাব-৭ চট্টগ্রামের কর্মকর্তা নুরুল আবসার বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মিলটির ব্যবস্থাপক ইস্কান্দর পলাতক। তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে।