চট্টগ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের আকবর শাহ এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গেলে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা বাধা দেন। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো
চট্টগ্রাম নগরের আকবর শাহ এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গেলে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা বাধা দেন। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো

চট্টগ্রাম নগরের আকবর শাহ এলাকায় সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা বাধা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে। এতে ওই এলাকার ছড়ার ওপর গড়ে ওঠা অবৈধ বসতঘর ও দোকান উচ্ছেদ অভিযান শেষ করতে পারেননি আদালত।
চট্টগ্রাম সিটি করপোরেশন সূত্র জানায়, ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন। অভিযানে বাধা দেওয়ার আগে ছড়ার ওপর থেকে প্রায় ২৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা জড়ো হয়ে উচ্ছেদ অভিযানে বাধা দেন।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবদুস সাত্তার সেলিম প্রথম আলোকে বলেন, ‘স্থানীয় আওয়ামী লীগ নেতা ইদ্রিস আলী ও তাঁর ছেলে যুবলীগ নেতা ইয়াছিন আলী ছড়া দখল করে বসতঘর ও দোকান নির্মাণ করেছেন। ইদ্রিস আলী ও ইয়াছিন আলীর লোকজন “জয় বাংলা” স্লোগান দিয়ে আমাদের ওপর চড়াও হন। পরে পুলিশের প্রহরায় ওই এলাকা ত্যাগ করি।’
করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন প্রথম আলোকে বলেন, অভিযানের সময় স্থানীয় লোকজন দাবি করেন ছড়ার জায়গা সঠিকভাবে পরিমাপ করা হয়নি। তাঁরা পুনরায় জমির পরিমাপ করার দাবি জানান। তাই কিছু দোকান উচ্ছেদ করা হয়নি। আর স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর উপস্থিত হলে লোকজন খেপে যান।
ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন জানান, সিটি করপোরেশনের মেয়রের নির্দেশনা অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে যোগাযোগ করা হলে ইদ্রিস আলী ও ইয়াছিন আলী ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বাধা দেওয়ার বিষয়টি অস্বীকার করেন। তাঁরা বলেন, ‘ফুটপাত থেকে দোকান উচ্ছেদ করলেও এক ঘণ্টা সময় দেওয়া হয়। কিন্তু করপোরেশনের লোকজন আমাদের কোনো সময় না দিয়ে উচ্ছেদ শুরু করে। এতে এলাকার লোকজন খেপে যান।’