চট্টগ্রামে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা, আটক ১১

চট্টগ্রাম নগরের কে সি দে সড়কে আজ মঙ্গলবার দুপুরে অনুমোদনহীন, নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির বিরুদ্ধে অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা হয়েছে। ওষুধ বিক্রেতারা ওই হামলা চালান বলে অভিযোগ উঠেছে। হামলায় দুই আনসার সদস্য আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ১১ জনকে আটক করেছে।
এ ঘটনার পর আটক ব্যক্তিদের মুক্তির দাবিতে ওষুধ বিক্রি বন্ধ করে দেন চট্টগ্রামের প্রধান পাইকারি এবং খুচরা ওষুধের বাজার হাজারি গলি ও আশপাশের দোকানিরা। আটক ব্যক্তিদের মুক্তি না দেওয়া পর্যন্ত দোকান বন্ধ থাকার ঘোষণা দিয়েছে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে হাজারি গলির একটি ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান শুরু করেন। এতে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী হাকিম রুহুল আমিন।
সংশ্লিষ্টরা জানান, অভিযানের সময় কয়েকটি দোকান থেকে বিক্রয় নিষিদ্ধ সরকারি ওষুধ এবং মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অভিযানের খবর কে সি দে সড়ক এবং পাশের হাজারি গলির ওষুধ মার্কেটে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে জনসেবা ফার্মেসি নামে একটি দোকানে অভিযান চালানোর সময় হঠাৎ করেই দোকান মালিক ও কর্মচারীরা আনসার সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে। তারা অভিযান পরিচালনায়ও বাধার সৃষ্টি করে। এতে দুজন আনসার সদস্য আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে ১১জনকে আটক করে। আটক ব্যক্তিদের মুক্তির দাবিতে দুপুর দেড়টা থেকে হাজারি গলি এবং আশপাশের দোকানগুলো বন্ধ রাখার ঘোষণা দেন বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি সমীর কান্তি সিকদার। তিনি বলেন, আটক ব্যক্তিদের ছেড়ে না দেওয়া পর্যন্ত ওষুধ বিক্রি বন্ধ থাকবে।
নির্বাহী হাকিম রুহুল আমিন জানান, অভিযান চালানোর সময় ওষুধ দোকানিরা আক্রমণাত্মক মন্তব্য শুরু করে। তারা বলতে থাকে, অনেক অভিযান তো করেছেন, আর কত করবেন? এরপর তারা আদালতের সঙ্গে থাকা পুলিশ ও আনসারকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে থাকে। তিনি বলেন, এখানকার অনেক দোকানে নকল, ভেজাল অনুমোদনহীন ওষুধ ও সম্পূরক খাবার তৈরি হয়। বিক্রি করা হয় নিষিদ্ধ ওষুধ। ধরা পড়ার ভয়ে তারা হামলা চালিয়েছে।
জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। সেখান থেকে ১১ জনকে আটক করা হয়। জেলা প্রশাসন থেকে মামলা করার কথা রয়েছে।
হামলার আগে কে সি দে সড়কের ইজিয়ান ফার্মেসিকে পাঁচ হাজার টাকা এবং দেশ ফার্মেসিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন আদালত। দোকান দুটিতে অনুমোদনহীন ওষুধ পাওয়া যায়।