চট্টগ্রামে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা, গ্রেপ্তার ১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের কে সি দে রোডে গতকাল মঙ্গলবার অনুমোদনহীন, নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির বিরুদ্ধে অভিযান চালানোর সময় ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা হয়েছে। দোকানমালিক ও বিক্রেতারা এ হামলা চালান বলে অভিযোগ উঠেছে।
হামলায় দুই আনসার সদস্য আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে ১১ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তির দাবিতে ওষুধ বিক্রি বন্ধ করে দিয়েছেন চট্টগ্রামের প্রধান পাইকারি ও খুচরা ওষুধ বিক্রির বাজার হাজারি গলি ও আশপাশের দোকানিরা। রাত সাড়ে আটটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওষুধের দোকান বন্ধ ছিল। গ্রেপ্তার ব্যক্তিদের না ছাড়া পর্যন্ত দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি।
গতকাল বেলা সাড়ে ১১টার দিকে হাজারি গলির ওষুধের দোকানগুলোতে অভিযান শুরু করেন ভ্রাম্যমাণ আদালত। এতে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, অভিযান চালিয়ে কয়েকটি দোকান থেকে সরকারি, মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। একপর্যায়ে জনসেবা ফার্মেসি নামের একটি দোকানে অভিযান চালানোর সময় হঠাৎ দোকানমালিক ও কর্মচারীরা ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে থাকা আনসার সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সময় ১১ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তির দাবিতে বেলা দেড়টা থেকে হাজারি গলি ও আশপাশের দোকান বন্ধ রাখার ঘোষণা দেন বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি চট্টগ্রামের সভাপতি সমীর কান্তি সিকদার। তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের ছেড়ে না দেওয়া পর্যন্ত তাঁদের ওষুধ বিক্রি বন্ধ থাকবে।
হামলার বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন বলেন, হাজারি গলির পাশে কে সি দে রোডে দুটি দোকানে অভিযান চালানোর সময় দোকানিরা আক্রমণাত্মক মন্তব্য শুরু করেন। একপর্যায়ে তাঁরা আনসার সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। তিনি বলেন, এখানকার অধিকাংশ দোকানে নকল, ভেজাল, অনুমোদনহীন ও নিষিদ্ধ ওষুধ বিক্রি হয়। ধরা পড়ার ভয়ে দোকানিরা হামলা চালিয়েছেন।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলার খবর পেয়ে ফোর্স পাঠানো হয়। তাঁরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
থানার উপপরিদর্শক (এসআই) কামরুন নাহার বলেন, ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলার ঘটনায় রাতে থানায় ১২ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। এতে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১৫০ থেকে ২০০ জনকে। মামলার বাদী হয়েছেন জেলা প্রশাসক কার্যালয়ের পেসকার জামাল উদ্দিন। এ মামলায় আটক ব্যক্তিদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
এর আগে জেলা প্রশাসনের সঙ্গে ওষুধ ব্যবসায়ীরা বৈঠকে বসে বিষয়টি মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হন।
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি চট্টগ্রামের সভাপতি সমীর কান্তি সিকদার বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তি না দিলে আমরা বৃহস্পতিবার থেকে সারা চট্টগ্রামে আরও কঠোর আন্দোলনের ডাক দেব।’
হামলার আগে কে সি দে রোডের ইজিয়ান ফার্মেসিকে পাঁচ হাজার টাকা ও দেশ ফার্মেসিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন আদালত। দোকান দুটিতে অনুমোদনহীন ওষুধ পাওয়া যায়।