চট্টগ্রামে মন্দিরের পুরোহিতের ওপর হামলার অভিযোগ, অস্বীকার অপর পক্ষের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের চকবাজার থানাধীন লালচাঁদ রোড এলাকার বরদেশ্বর শিবমন্দিরের সেবায়েত বিশ্বজিৎ চক্রবর্তীর ওপর হামলার অভিযোগে মানববন্ধন করেছে বাংলাদেশ সনাতনী মঠ মন্দির আশ্রমের সেবায়েত পুরোহিত কল্যাণ সংস্থা। গতকাল সোমবার বিকেলে নগরের প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। তবে অপর পক্ষের দাবি, বিশ্বজিৎ সেবায়েত নন, তিনি ওই মন্দিরের পুরোহিত।
মানববন্ধনে তাঁরা অভিযোগ করেন, শিবমন্দিরের সেবায়েত বিশ্বজিৎ চক্রবর্তীর ওপর গত ২২ ডিসেম্বর ভূমিদস্যুরা হামলা করে। এ সময় তারা মন্দিরে লুটপাট চালায়। এ ব্যাপারে থানায় অভিযোগ করার পরও পুলিশ তা জিডি হিসেবে নেয়নি। বক্তারা বিশ্বজিতের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।
বক্তারা অভিযোগ করেন, ভূমিদস্যুরা মন্দিরটি দখলের পাঁয়তারা করছে। এ জন্য সেবায়েতের ওপর বারবার হামলা করা হচ্ছে।
মানববন্ধনে বক্তব্য দেন কল্যাণ সংস্থার আহ্বায়ক জহরলাল চক্রবর্তী, তপন চক্রবর্তী, নিতাই ভট্টাচার্য প্রমুখ।
এ বিষয়ে জানতে চাইলে চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) এস এম আতিক উল্লাহ বলেন, এই মন্দিরের তত্ত্বাবধান নিয়ে দুই পক্ষের মধ্যে সমস্যা চলছে। এখানে অন্য কোনো ধর্মের কেউ জড়িত নয়। এক পক্ষে রয়েছেন পুরোহিত বিশ্বজিৎ এবং অন্য পক্ষে রয়েছেন যাঁদের জায়গায় মন্দির গড়ে উঠেছে, তাঁরা। দুই পক্ষই পুলিশের কাছে অভিযোগ করেছিল। দুই পক্ষকে আলোচনার জন্য ডাকা হয়েছিল। কিন্তু বিশ্বজিৎ আসেননি। তাঁকে পুরোহিত নিয়োগ দিয়েছিল মালিকপক্ষ। এখন তিনি নিজেকে মন্দিরের সেবায়েত (মালিক) বলে দাবি করছেন।
অভিযোগের বিষয়ে মন্দিরের জায়গার মালিকদের প্রতিনিধি রঞ্জন দাশ বলেন, ‘২০১১ সালে বিশ্বজিৎকে আমরা মন্দিরে পূজার দায়িত্ব দিয়েছিলাম। মন্দিরের জায়গাটি আমাদের। কিন্তু ছয় মাস ধরে সে মন্দিরে আমাদের ঢুকতে দেয় না। তালা দিয়ে রাখে। সে এখন মন্দিরের সেবায়েত দাবি করছে। তাকে বৈঠকে ডাকলেও আসে না। আমরা তার ওপর হামলা করলে সে এখানে থাকতে পারত?’
এ বিষয়ে এসআই বলেন, মন্দিরে কোনো হামলার ঘটনা ঘটেনি। দুই পক্ষকে শান্ত থাকতে বলেছে পুলিশ।