চট্টগ্রাম নগরের পূর্ব মাদারবাড়ি এলাকায় মো. ইদ্রিস (২৫) নামের এক মাছ ব্যবসায়ী খুন হয়েছেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত ইদ্রিস (২৫) ফিশারিঘাট এলাকায় মাছ বিক্রি করতেন। তিনি পূর্ব মাদারবাড়ির সাহেবপাড়া বস্তির বাসিন্দা। সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ইদ্রিসের বিরুদ্ধে থানায় মামলা আছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্যমতে, এলাকায় আধিপত্য নিয়ে জাহাঙ্গীর ও হানিফ পক্ষের সঙ্গে রানা পক্ষের বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ইদ্রিস রানার পক্ষের লোক ছিলেন।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্জিনা আক্তার বলেন, রাত সাড়ে ১০টার দিকে বাসার ২০০ গজ দূরে ইদ্রিসের ওপর অতর্কিত হামলা চালায় হানিফ পক্ষের লোকজন। তাঁর ডান পায়ে গুলি এবং ডান হাতে ধারালো অস্ত্রের জখমের চিহ্ন আছে। আহত ইদ্রিসকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত চারটার দিকে তিনি কুমিল্লায় মারা যান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রাত সাড়ে ১০টার দিকে ১০-১২ জন যুবক সাহেবপাড়া এলাকায় এসে ককটেল ফাটিয়ে ত্রাস সৃষ্টি করে। এ সময় ভয়ে লোকজন দৌড়াদৌড়ি শুরু করে। এ সময় ইদ্রিসের ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। এ সময় আশপাশে থাকা লোকজনকেও মারধর করে সন্ত্রাসীরা।
এ ঘটনায় আহত ব্যক্তিরা হলেন খোরশেদা (৪০), ফারুক (৩৫), পারভীন (২২), জামাল (২০), ইউসুফ (২৮) ও মামুন (১৮)। তাঁরা চমেক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় সূত্রমতে, এর আগে ২০১৩ সালে ইদ্রিসের চাচাতো ভাই ওসমান জাহাঙ্গীর ও হানিফ পক্ষের হামলায় নিহত হন। ওই ঘটনায় করা মামলায় জাহাঙ্গীরসহ কয়েকজন কিছুদিন জেলে ছিলেন। এর জের ধরে বৃহস্পতিবার রাতে হামলার ঘটনা ঘটে।
গতকাল শুক্রবার ময়নাতদন্তের জন্য ইদ্রিসের লাশ চমেক হাসপাতালের মর্গে আনা হয়। সেখানে ইদ্রিসের বাবা মো. জব্বার, স্বজন ও বন্ধুবান্ধবেরা ভিড় করেন। তাঁরা বলেন, হানিফ ও জাহাঙ্গীর সপ্তাহ খানেক আগে ইদ্রিসের কাছে চাঁদা দাবি করেন। এর দেড় মাস আগে ইদ্রিসের বোন শাহনাজ তাঁদের (ইদ্রিসদের) ঘরে লুটপাটের অভিযোগে সদরঘাট থানায় মামলা করেন। ওই মামলায় হানিফ ও জাহাঙ্গীরদের আসামি করা হয়।
ইদ্রিসের বাবা মো. জব্বার বলেন হানিফ, জাহাঙ্গীর ও আলমসহ ১০-১২ জন তাঁর ছেলের ওপর হামলা চালিয়েছে। তিনি বলেন, ‘এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা আগে মামলাও করেছি। সর্বশেষ সপ্তাহ খানেক আগে ইদ্রিসের কাছে ৫০ হাজার টাকা চাঁদা চেয়েছিল তারা।’
ওসি মর্জিনা আক্তার বলেন, ওই বস্তি এলাকায় ঘাট এবং ফিশারিঘাটের মাছ বিক্রেতাদের বসবাস। ওখানে কয়েকটি বিবদমান পক্ষ সক্রিয়। ইদ্রিস নিজেও রানা গ্রুপ নামের একটি পক্ষের সঙ্গে জড়িত। তাঁর বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসী ঘটনার মামলাও আছে। বৃহস্পতিবার হানিফেরা পূর্বপরিকল্পনা অনুযায়ী ইদ্রিসের ওপর অতর্কিত হামলা চালায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ওসি বলেন, চাঁদা দাবির বিষয়টি তাঁর জানা নেই। তবে ইদ্রিসের পরিবার এর আগে ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে লুটপাটের অভিযোগে মামলা করেছিল।