চট্টগ্রামে মাদকদ্রব্য ধ্বংস করল কোস্টগার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন ইছানগরে কোস্টগার্ড পূর্বাঞ্চলের কার্যালয় চত্বরে গতকাল রোববার সকালে দেশি-বিদেশি মদ ও ইয়াবা বড়ি ধ্বংস করা হয়েছে। এ বছর বিভিন্ন অভিযানে এসব মাদকদ্রব্য উদ্ধার করেছিল কোস্টগার্ড।
ধ্বংস হওয়া মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ১ হাজার ৪১২ বোতল বা ক্যান বিদেশি মদ, ২ হাজার ১৪০ লিটার দেশি মদ ও ৩৫ হাজার ইয়াবা বড়ি। বিদেশি মদের বোতল ও ক্যানের ওপর রোলার চালিয়ে ধ্বংস করা হয়। মাটিতে গর্ত খুঁড়ে দেশি মদ ঢেলে নষ্ট করা হয়। এ ছাড়া ইয়াবা পানিতে মিশিয়ে গর্তে ফেলে নষ্ট করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল এম মকবুল হোসেন। উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার রাকিবুর রহমান ও কোস্টগার্ড পূর্বাঞ্চলের প্রধান ক্যাপ্টেন শহীদুল ইসলাম।
কোস্টগার্ডের মহাপরিচালক বলেন, সীমিত জনবল নিয়ে কোস্টগার্ড পূর্বাঞ্চল এ বছর ১৭৪ কোটি টাকার মালামাল জব্দ করেছে। এটি অভাবনীয় অর্জন। তবে মাদকদ্রব্যের ব্যবহার বন্ধ করতে হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী সব সংস্থার সমন্বয়ে কাজ করতে হবে।
তিনি বলেন, কোস্টগার্ড শুধু বন্দর জলসীমায় জলদস্যুতা কমাতে সক্ষম হয়নি, জলদস্যুতার ঘটনার সংখ্যা শূন্যের কোটায় নিয়ে এসেছে। চলতি বছর মে থেকে ডিসেম্বর পর্যন্ত বন্দর জলসীমায় একটি চুরিও হয়নি। এটি জলদস্যুতা পর্যবেক্ষণকারী সংস্থা ‘আইএমবি’র কাছে প্রশংসিত হয়েছে। পায়রা বন্দরেও কোস্টগার্ডের স্টেশন করা হয়েছে। জলদস্যুতার ঘটনা যেন না ঘটে, সে জন্য সেখানেও পদক্ষেপ নেওয়া হবে।
কোস্টগার্ড জানায়, এ বছর বিভিন্ন অভিযানে মোট ২২ হাজার ৮৬৪ বোতল ও ক্যান বিদেশি মদ-বিয়ার, ১৩ লাখ ৪৬ হাজার ইয়াবা বড়ি, আড়াই হাজার লিটার দেশি মদ, ৭৯০ বোতল ফেনসিডিলসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।