চট্টগ্রামে মাদ্রাসাছাত্রীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা থেকে আজ শুক্রবার লাভলী আকতার (১৪) নামের এক মাদ্রাসাছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ছাত্রীর মায়ের দাবি, লাভলী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। 

পুলিশ জানায়, লাভলী তার মা রোকেয়া বেগমের সঙ্গে আনোয়ারা উপজেলার বটতলী রুস্তমহাট এলাকায় এক টিনশেডের বাসায় ভাড়া থাকত। সে স্থানীয় একটি মাদ্রাসায় নবম শ্রেণিতে পড়ত। বাবা আবদুর রশিদ দেশের বাইরে থাকেন। দুই ভাই একটি মাদ্রাসায় থেকে পড়াশোনা করে। পরিবারের কাছে খবর পেয়ে আজ বেলা ১১টার দিকে বাসা থেকে লাভলীর লাশ উদ্ধার করা হয়। লাশটি মেঝেতে পড়ে ছিল। এ সময় লাভলীর মা রোকেয়া পুলিশকে জানান, লাভলী গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
রোকেয়া সাংবাদিকদের বলেন, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মেয়েকে বকা দেন এবং মারধর করেন। পরে রাত তিনটার সময় গোঙানির শব্দ শুনে জেগে দেখেন, ঘরের আড়ার সঙ্গে গলায় রশি প্যাঁচানো অবস্থায় লাভলী ঝুলছে। দ্রুত তিনি রশি কেটে মেয়েকে নিচে নামান। পরে আশপাশের লোকজনকে খবর দেন। তবে মেয়েকে মারধরের কারণ জানতে চাইলে রোকেয়া সুস্পষ্ট কোনো উত্তর দেননি।
আনোয়ারা থানার উপপরিদর্শক (এসআই) খন্দকার মাইনুল হক প্রথম আলোকে বলেন, লাভলীর গলায় কালো দাগ আছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ ও ধরন সম্পর্কে জানা যাবে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।