চট্টগ্রামে মানব পাচারকারী সন্দেহে গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে মানব পাচারকারী সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার ভোররাতে নগরের হালিশহর থানার বড়পুল এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আলী আকবর (৩৯), বাহার উদ্দিন (২৮) ও শাহ বায়েজীদ উল্লাহ (২২)। তাঁদের বাড়ি ফেনীর সোনাগাজীতে। তাঁদের কাছ থেকে ৩৩টি বাংলাদেশি পাসপোর্ট ও ভারতের নয়াদিল্লির মোজাম্বিক দূতাবাসের জাল সিল উদ্ধার করা হয়।
সিআইডির চট্টগ্রাম অঞ্চলের বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মুসলিম বলেন, গ্রেপ্তার তিন ব্যক্তি সংঘবদ্ধ মানব পাচারকারী চক্রের সদস্য। তাঁরা লিবিয়াসহ বিভিন্ন দেশে পাঠানোর জন্য অসহায় বেকার যুবকদের কাছ থেকে প্রথমে দুই থেকে তিন লাখ টাকা নিয়ে থাকেন। জাল ভিসায় বিদেশে পাঠানোর পর তাঁদের স্বজনদের কাছ থেকে আরও টাকা আদায় করেন। তিনি জানান, উদ্ধার করা পাসপোর্টগুলোর
বেশির ভাগই মাদারীপুর ও গোপালগঞ্জের বাসিন্দাদের। ৩৩টি পাসপোর্টের মধ্যে ১৭টিতে লিবিয়ার জাল ভিসা ও একটিতে মিসরের জাল ভিসা আছে। ১৫টি পাসপোর্টে ভিসা নেই।
গ্রেপ্তার আলী আকবর সিআইডি কার্যালয়ে সাংবাদিকদের কাছে দাবি করেন, তাঁরা মানব পাচারকারী নন। তিনি বলেন, পাসপোর্টগুলো ঢাকার একটি ট্রাভেল এজেন্সির মালিক তাঁকে চট্টগ্রামে নিয়ে আসতে বলেছেন। তবে এজেন্সির মালিক সম্পর্কে কিছু বলেননি আলী আকবর।
এ ঘটনায় সিআইডির চট্টগ্রাম অঞ্চলের পরিদর্শক কাজল কান্তি চৌধুরী মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে তিন ব্যক্তির বিরুদ্ধে নগরের হালিশহর থানায় মামলা করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক জামাল উদ্দিন জানান, আসামিদের পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন করা হয়েছে।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান জানান, তিন আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য করেছেন আদালত।