
পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম হত্যার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন চলাকালে সন্দেহজনক আচরণের জন্য এক ‘রিকশাচালক’কে আটক করেছে পুলিশ। তাঁর কাছে দুটি ছুরি, এন্ড্রয়েড মুঠোফোন ও একটি কার্ড রিডার পাওয়া গেছে। গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি চলার সময় এ ঘটনা ঘটে।
আটক রিকশাচালকের নাম ইব্রাহিম খান (২২)। তাঁর বাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলায়। প্যান্ট-গেঞ্জি পরে ও পিঠে ব্যাগ ঝুলিয়ে তিনি রিকশা চালাচ্ছিলেন। দুটি ছুরির ধারালো অংশটুকু পাঁচ ইঞ্চি লম্বা। মানববন্ধন চলাকালে চট্টগ্রাম প্রেসক্লাব এলাকায় কয়েকবার রিকশা নিয়ে তাঁকে ঘুরতে দেখা যায়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন প্রথম আলোকে বলেন, জিজ্ঞাসাবাদে ইব্রাহিম অসংলগ্ন কথাবার্তা বলছেন। তাঁর বক্তব্য যাচাই-বাছাই করা হচ্ছে। জঙ্গিদের সঙ্গে তাঁর কোনো যোগাযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কয়েকটি সংগঠন তিন-চার দিন ধরে এই মানববন্ধনের জন্য প্রচারণা চালায়। গতকাল বেলা তিনটায় শতাধিক তরুণ এই কর্মসূচিতে যোগ দেন।
খুনের ছয় দিনেও মাহমুদা হত্যার কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। চট্টগ্রাম নগর পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, অনেকগুলো ধারণার ভিত্তিতে তদন্ত চলছে। যে তিনজন খুন করে পালিয়ে গেছে, তাদের শনাক্ত করার চেষ্টা চালছে।
গত রোববার সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় চট্টগ্রামের জিইসি এলাকায় গুলি ও ছুরিকাঘাতে খুন হন মাহমুদা খানম। ঘটনার পর পুলিশ জানায়, জঙ্গি দমনে বাবুল আক্তারের সাহসী ভূমিকা ছিল। এ কারণে জঙ্গিরা তাঁর স্ত্রীকে খুন করে থাকতে পারে। এ ঘটনায় জড়িত সন্দেহে হাটহাজারী থেকে শিবিরের সাবেক এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গ্রেপ্তার হওয়া আবু নছরের পরিবারের দাবি, তিনি শিবিরের কর্মী ছিলেন না।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, ‘মাহমুদা হত্যার বিষয়ে বিভিন্ন দিকে আমরা খোঁজ নিয়ে কাজ করছি। তদন্ত অব্যাহত আছে। তবে বলার মতো আপাতত কিছু নেই।’