চট্টগ্রামে মেডিকেল ছাত্রের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মেডিকেল কলেজের এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার রাত পৌনে আটটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রধান ছাত্রাবাসের পেছনের নালা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

ওই ছাত্রের নাম এস এম আকরাম। তিনি কলেজের এমবিবিএস চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। তাঁর বাড়ি নরসিংদীর বেলাবো উপজেলার ইব্রাহীমপুর গ্রামে। আকরামের মা-বাবা বেঁচে নেই। নরসিংদী থেকে তাঁর এক চাচা লাশ নেওয়ার জন্য চট্টগ্রামে রওনা হয়েছেন বলে জানা গেছে।

চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, মেডিকেল কলেজের ছাত্রাবাসের পেছনের নালায় মেডিকেলের এক ছাত্রের লাশ পড়ে আছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আকরামের লাশ উদ্ধার করে। তাঁর পরনে প্যান্ট ও টিশার্ট ছিল। তাঁর নাক ও কান দিয়ে রক্ত বের হতে দেখা গেছে। লাশের সুরতহাল করার সময় শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ স্পষ্ট হবে।
আনোয়ার হোসেন আরও বলেন, মা-বাবা মারা যাওয়ার কারণে দীর্ঘদিন ধরে হতাশায় ভুগছিলেন আকরাম। তাঁর সহপাঠীরা ইন্টার্নি শেষ করে ফেলেছেন। এ কারণে আকরাম কারও সঙ্গে মিশতেন না। একা একা চলাফেরা করতেন। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা-ও বোঝা যাচ্ছে না।

আকরামের সহপাঠী আরাফাত উল্লাহ চৌধুরী আজ রাতে জানান, আকরাম ছাত্রাবাসের তৃতীয় তলায় ২৪ নম্বর কক্ষে থাকতেন। তাঁকে মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে অনেকে দেখেছেন। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা তিনি জানেন না।