চট্টগ্রামে যুবকের লাশ উদ্ধার
চট্টগ্রামে একটি কনটেইনারের ভেতর থেকে মোখলেসুর রহমান (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নগরের কাঠগড় এলাকার বেসরকারি বারটেক্স কনটেইনার ডিপোর একটি কনটেইনার থেকে লাশটি উদ্ধার করে পতেঙ্গা থানার পুলিশ।
পতেঙ্গা থানার ওসি মো. আলমগীর প্রথম আলোকে বলেন, কনটেইনারের ভেতরে ডিপোর একজন দিনমজুর আত্মহত্যা করেছেন—এই খবর পেয়ে পুলিশ সেখানে যায়। পরে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় মোখলেসুরের লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে এটি আত্মহত্যা নাকি হত্যা। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। চুরির অভিযোগে মোখলেসুরকে ডিপো কর্তৃপক্ষ কনটেইনারের ভেতর আটকে রেখেছিল বলে শোনা গেছে। এ বিষয়ে ডিপোর ব্যবস্থাপক সাইফুল ইসলাম ও নিরাপত্তাপ্রধান নিশাত সেলিমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ জানায়, মোখলেসুরের বাড়ি চাঁদপুরের শাহরাস্তিতে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।