চট্টগ্রামে যুবদল কর্মীকে গুলি করে হত্যা
চট্টগ্রাম নগরে গতকাল শুক্রবার নাছির উদ্দিন ওরফে কাউয়া নাছির নামের এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ নিয়ে মাত্র ১৮ ঘণ্টার কম সময়ে এ নগরে দুজন খুন হওয়ার ঘটনা ঘটল।
নাছির উদ্দিন (৩৫) পলাতক সন্ত্রাসী ও যুবদল ক্যাডার মোরশেদ খানের অনুসারী হিসেবে পরিচিত। অভ্যন্তরীণ কোন্দলে তিনি খুন হয়েছেন বলে মনে করছে পুলিশ। এর আগে গত বৃহস্পতিবার রাতে খুলশী টাইগারপাসে যুবক সাদ্দাম হোসেনকে (৩০) কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
নির্বাচনী প্রচারণায় মুখর এই বন্দর নগরে অল্প সময়ের ব্যবধানে দুটি খুনের ঘটনায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। গতকাল সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুটি খুনের ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।
নাছিরের চাচাতো ভাই ও প্রত্যক্ষদর্শী মো. আবদুল করিমের ভাষ্যমতে, গতকাল দুপুরের খাবার খেয়ে মিয়াখান নগর এলাকার বাড়ির পাশে দাঁড়িয়ে তিনি ও নাছির কথা বলছিলেন। বিকেল তিনটার দিকে মুখোশপরা দুই যুবক আচমকা এসে নাছিরকে গুলি করে অটোরিকশায় উঠে পালিয়ে যায়। বাড়ি থেকে ঘটনাস্থলের দূরত্ব মাত্র ১০০ গজ। গুরুতর আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
করিম দাবি করেন, গুলিবিদ্ধ হওয়ার পর নাছির দুই যুবককে কালন ও খোরশেদ বলে উল্লেখ করেন। তাঁরাও পলাতক মোরশেদ খানের অনুসারী। বছর খানেক তাঁদের সঙ্গে নাছিরের দ্বন্দ্ব চলছিল।
নাছির মিয়াখান নগর এলাকার মৃত সুলতান মাহমুদের ছেলে। হাসপাতালের চিকিৎসক জানান, গুলি নাছিরের ডান হাত ও পেটে বিদ্ধ হয়। গুলিতে নাছিরের নাড়িভুড়ি বেরিয়ে গেছে।
নাছিরের বড় ভাইয়ের ছেলে আবু হানিফের দাবি, গত দুই বছর ধরে কোনো রাজনীতি ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না তাঁর চাচা নাছির। তিনি ভালো হয়ে গিয়েছিলেন। অনেক মামলায় খালাসও পেয়েছেন।
হাসপাতালে আসা বেশ কয়েকজন যুবক জানান, নির্বাচনী পোস্টার লাগানো নিয়ে স্থানীয় এক যুবকের সঙ্গে সপ্তাহ খানেক আগে নাছিরের তর্কাতর্কি হয়েছিল। এ ঘটনার জের ধরে খুনের ঘটনা ঘটতে পারে।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, অভ্যন্তরীণ কোন্দলে নাছিরকে খোরশেদ ও কালন খুন করেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। নাছিরের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজির ১০টি মামলা রয়েছে। শনিবার (আজ) চমেক হাসপাতাল মর্গে তাঁর লাশের ময়নাতদন্ত করা হবে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
এদিকে নগর যুবদলের সভাপতি কাজী বেলাল দাবি করেন, মিয়াখান নগর এলাকায় নাছির নামে তাঁদের সংগঠনের কোনো কর্মী নেই। পলাতক মোরশেদ খানও দলের কোনো পদে নেই।