চট্টগ্রামে যুবদল নেতার ভাইকে 'মারধর'
চট্টগ্রাম নগর যুবদলের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের ছোট ভাইকে পুলিশ মারধর করেছে বলে অভিযোগ করেছে পরিবার। একটি বিস্ফোরক মামলায় মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করতে পুলিশ গতকাল শুক্রবার দুপুরে নগরের আকবর শাহ হাউজিং এলাকায় তাঁর বাসায় অভিযান চালায়।
মোশাররফ হোসেনের স্ত্রী নিহার সুলতানা প্রথম আলোকে বলেন, ‘পুলিশ আমার স্বামীকে গ্রেপ্তার করতে দুপুরে বাসায় আসে। আমার স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে বলে পুলিশ জানায়। কিন্তু আমার জানামতে সব মামলায় মোশাররফ জামিনে আছেন। পুলিশ কোনো কথা শুনতে চায়নি। একপর্যায়ে আমার দেবর আনোয়ার হোসেনকে মারধর করে পুলিশ।’
নিহার সুলতানা বলেন, পুলিশ তাঁকে ও আনোয়ারকে থানায় নিয়ে যেতে চেয়েছিল। এলাকাবাসীর জন্য আর নিতে পারেনি।
অভিযোগের বিষয়ে আকবর শাহ থানার ওসি মোহাম্মদ আলমগীর প্রথম আলোকে বলেন, ২০১৩ সালের ডিসেম্বর মাসের একটি বিস্ফোরক মামলায় মোশাররফ হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মোশাররফকে গ্রেপ্তার করতে গেলে তাঁর স্ত্রী দরজা খুলতে দেরি করেন। এ কারণে পুলিশের সঙ্গে তাঁদের বাগ্বিতণ্ডা হয়। বাগ্বিতণ্ডার মধ্যে মোশাররফ হোসেন পালিয়ে যান।