চট্টগ্রামে যুবলীগ কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা
সন্ত্রাসীদের এলোপাতাড়ি হামলায় শরীফ আহমেদ (২৫) নামে যুবলীগের এক কর্মী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে নগরের ওয়াসা মোড়ে রিকশা থেকে তুলে নিয়ে প্রায় পৌনে এক কিলোমিটার দূরে লালখান বাজারের বাঘঘোনায় তাঁকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। চট্টগ্রাম মেডিকেলের অস্ত্রোপচারকক্ষে রাতে তাঁর মৃত্যু হয়।
নিহত শরীফ আহমেদের বাবা মোহাম্মদ হেলাল মেডিকেলের অস্ত্রোপচারকক্ষের সামনে প্রথম আলোকে বলেন, তাঁর ছেলে পাথরঘাটা ফিশারিঘাটে চাকরি করেন। গতকাল মঙ্গলবার ভোর পাঁচটায় বাসা থেকে বের হয়ে কর্মস্থলে যান। বিকেল পাঁচটায় বাসায় ফেরার সময় রিকশা থেকে নামিয়ে তাঁকে বাঘঘোনায় নিয়ে গিয়ে হত্যা করা হয়। তাঁর ছেলে যুবলীগের কর্মী ও সমর্থক। হামলাকারীরাও যুবলীগের সমর্থক।
প্রত্যক্ষদর্শী আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, আউটার স্টেডিয়ামে পুলিশের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনার সুযোগ নেয় লালখান বাজারের সন্ত্রাসীরা। ‘ডেকচি’ শরীফের নেতৃত্বে সাত-আটজন বিকেল পাঁচটার দিকে ওয়াসা মোড় থেকে শরীফ আহমেদকে তুলে লালখান বাজারে বাঘঘোনার এম আর সিদ্দিকী ফটকসংলগ্ন সিলিকন প্রোপার্টিজের ভেতরে নিয়ে যান। এরপর এলোপাতাড়ি কোপান।
মজিদ আরও বলেন, ‘আমি ডেকচি শরীফের কাছ থেকে শরীফকে রক্ষার চেষ্টা করি। এ সময় ওদের একজন আমার মুখে ঘুষি বসিয়ে দেয়। পরে রক্তাক্ত অবস্থায় শরীফকে একটি অটোরিকশায় তুলে দেয় সন্ত্রাসীরা। মেডিকেলের অপারেশন থিয়েটারে সে মারা যায়।’
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন বলেন, বছর দুয়েক আগে লালখান বাজার এলাকায় খোকন নামের এক যুবক খুন হন। ওই হত্যাসহ দুটি মামলার আসামি ছিলেন শরীফ আহমেদ। খোকনের লোকজন শরীফকে খুন করেছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।
মহানগর স্বেচ্ছাসেবক লীগের সদস্য লালখান বাজারের বাসিন্দা আবুল হাসনাত গতকাল রাতে প্রথম আলোকে বলেন, নিহত শরীফ ও ডেকচি শরীফ দুজনেই যুবলীগের সমর্থক। লালখান বাজারে খোকন নামে এক যুবক খুন হওয়ার পর তাঁদের দুজনের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
গতকাল হাসপাতালের ২২ নম্বর ওয়ার্ডের সামনে শরীফের মৃত্যুর সংবাদে কাঁদছিলেন তাঁর মা, বাবা ও ছোট দুই বোন। তাঁরা এই হত্যার জন্য ডেকচি শরীফকে দায়ী করেন।
এই অভিযোগের ব্যাপারে জানতে ডেকচি শরীফকে পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খোকন খুনের ঘটনায় প্রায় দুই বছর জেল খেটে মাস দুয়েক আগে জামিনে বের হন শরীফ আহমেদ। তাঁর মুক্তির সংবাদে লালখান বাজারে টান টান উত্তেজনা ছিল। প্রতিপক্ষের লোকজন তাঁর ওপর আরও কয়েকবার হামলার চেষ্টা করেছিলেন বলে শরীফের আত্মীয় ও ঘনিষ্ঠ ব্যক্তিরা জানিয়েছেন।