চট্টগ্রামে যুবলীগ নেতা হত্যা মামলার আসামি কারাগারে
চট্টগ্রামে যুবলীগের নেতা মেহেদি হাসান ওরফে বাদল হত্যা মামলার এক আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তার নাম মো. নুরু। আজ বুধবার অতিরিক্ত চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম নুরুল আলম মো. নিপু জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান প্রথম আলোকে বলেন, মেহেদি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. নুরু আত্মসমপর্ণ করে জামিনের আবেদন করেন। আদালত তাঁর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত বছরের ১ সেপ্টেম্বর রাতে নগরের বায়েজীদ বোস্তামী থানার শেরশাহ এলাকায় নিজ বাসায় যাওয়ার পথে গুলিতে নিহত হন নগর যুবলীগের নেতা মেহেদি হাসান। তিনি চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। ঘটনার কয়েক দিন পর নিহত ব্যক্তির স্ত্রী মোবাশ্বেরা বেগম ২২ জনকে আসামি করে থানায় হত্যা মামলা করেন।